hadith book logo

মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

মসজিদ সংক্রান্ত আমল

মসজিদ আল্লাহর ঘর। মসজিদ হচ্ছে শান্তির জায়গা। মুমিন মসজিদে ঢুকলে ঐভাবে প্রশান্তি লাভ করে যেভাবে একটি মাছ শুকনা থেকে পানিতে ছেড়ে দিলে প্রশান্তি লাভ করে। মসজিদে প্রবেশ করার সময় আগে ডান পা দিয়ে প্রবেশ করবে এবং বের হওয়ার সময় আগে বাম পা দিয়ে বের হবে। মসজিদে প্রবেশ করে বসার আগে দু’রাকাত ‘তাহিয়্যাতুল মসজিদ’-এর নামায পড়বে। মসজিদের ভেতর আমলে মশগুল থাকবে।

মসজিদ হচ্ছে আল্লাহর রহমত ও বরকতের স্থান। তাই মসজিদে প্রবেশ করার সময় আল্লাহর রহমত কামনা করবে। সেই সাথে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং নবী ﷺ-এর উপর দরূদ পাঠ করবে।

মসজিদে প্রবেশের সময় দো‘আ :

মসজিদে প্রবেশের একাধিক দো‘আ হাদীসে বর্ণিত হয়েছে। উক্ত হাদীসসমূহ একত্রিত করলে মসজিদে প্রবেশের দো‘আ হবে নিম্নরূপ-

اَعُوْذُ بِاللهِ الْعَظِيْمِ وَبِوَجْهِهِ الْكَرِيْمِ وَسُلْطَانِهِ الْقَدِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ بِسْمِ اللهِ وَ الصَّلَاةُ وَ السَّلَامُ عَلٰى رَسُوْلِ اللهِ اَللّٰهُمَّ افْتَحْ لِىْ أَبْوَابَ رَحْمَتِكَ

আঊযুবিল্লা-হিল আযীম, ওয়া বিওয়াজ্হিহিল কারীম, ওয়া সুলত্বা-নিহিল ক্বাদীম, মিনাশ শাইত্বা-নির রাজীম, বিসমিল্লা-হি ওয়াসসালা-তু ওয়াসসালা-মু ‘আলা রাসূলিল্লা-হ্, আল্লা-হুম্মাফ্তাহ্লী আব্ওয়া-বা রাহমাতিক।

অর্থ : ‘‘আমি মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তাঁর সম্মানিত চেহারার মাধ্যমে এবং তাঁর চিরন্তন প্রতাপের মাধ্যমে বিতাড়িত শয়তান থেকে। আল্লাহর নামে প্রবেশ করছি। দরূদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। হে আল্লাহ! তুমি আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও।’’ (নাসাঈ, ইবনে মাজাহ)

মসজিদ থেকে বের হওয়ার সময় দো‘আ : মসজিদের ইবাদাত শেষ করার পর আল্লাহর নির্দেশ হল তাঁর রিযিক তালাশের জন্য বের হওয়া। তাই নামায শেষে যে যেখানেই যাক না কেন আল্লাহর অনুগ্রহ ও সাহায্য কামনা করে বের হবে। মসজিদ থেকে বের হওয়ার সময় বলবে :

بِسْمِ اللهِ وَ الصَّلَاةُ وَ السَّلَامُ عَلٰى رَسُوْلِ اللهِ اَللّٰهُمَّ إِنِّىْ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ اَللّٰهُمَّ اَعْصِمْنِىْ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

বিসমিল্লা-হি ওয়াছ্ছালা-তু ওয়াস্সালা-মু ‘আলা রাসূলিল্লা-হ্, আল্লা-হুম্মা ইন্নী আস্আলুকা মিনফাযলিক, আল্লা-হুম্মা আ‘ছিম্নী মিনাশ্ শাইত্বা-নির রাজীম।

অর্থ : ‘‘আল্লাহর নামে বের হচ্ছি। দরূদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। হে আল্লাহ! আমি তোমার অনুগ্রহ প্রার্থনা করছি। হে আল্লাহ! আমাকে বিতাড়িত শয়তান থেকে হেফাযত করুন।’’ (ইবনে মাজাহ)