hadith book logo

মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

শেষ রাত্রের দো‘আ আল্লাহ কবুল করেন

রাতের শেষ ভাগে আল্লাহ তা‘আলা তাঁর বান্দাদের প্রতি বিশেষভাবে মনোনিবেশ করেন। জান্নাতী বান্দাদের একটি বৈশিষ্ট হল তারা শেষ রাত্রে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করে। আল্লাহ তা‘আলা বলেন-

اَلَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا إِنَّنَا آَمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ --- اَلصَّابِرِيْنَ وَالصَّادِقِيْنَ وَالْقَانِتِيْنَ وَالْمُنْفِقِيْنَ وَالْمُسْتَغْفِرِيْنَ بِالْاَسْحَار

‘‘(জান্নাতী লোকদের গুণাবলী হচ্ছে) যারা বলে, হে আমাদের রব! আমরা ঈমান এনেছি, আপনি আমাদের পাপ ক্ষমা করুন এবং জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করুন। তারা ধৈর্যশীল, সত্যবাদী, বিনয়ী, দানকারী এবং শেষ রাত্রে ক্ষমা প্রার্থনাকারী।’’ (সূরা আলে ইমরান- ১৬-১৭)

প্রতি রাতে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন :

عَنْ أَبِىْ هُرَيْرَةَ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالٰى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِيْنَ يَبْقٰى ثُلُثُ اللَّيْلِ الْاٰخِرُ فَيَقُوْلُ مَنْ يَدْعُونِىْ فَأَسْتَجِيْبَ لَهٗ وَمَنْ يَسْأَلُنِىْ فَأُعْطِيَهٗ وَمَنْ يَسْتَغْفِرُنِىْ فَأَغْفِرَ لَهٗ

আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূল ﷺ বলেছেন, ‘‘যখন রাতের একতৃতীয়াংশ বাকী থাকে তখন প্রতি রাতেই আমাদের মহান রব দুনিয়ার আকাশে নেমে আসেন। অতঃপর তিনি তাঁর বান্দাদেরকে ডেকে বলেন, কে আমাকে ডাকবে- আমি উত্তর দেব, কে আমার কাছে কিছু চাইবে- আমি তাকে দান করব। কে আমার কাছে ক্ষমাপ্রার্থনা করবে- আমি তাকে ক্ষমা করে দেব।’’

(বুখারী, মুসলিম, মেশকাত হা: ১২২৩)