hadith book logo

মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

মিসওয়াক ব্যবহার

মুখ এবং দাঁত মানুষের অতি গুরুত্বপূর্ণ দু’টি অঙ্গ। কিন্তু নিয়মিত তা পরিস্কার করা না হলে তাতে ময়লা জমে এবং নানা ধরণের জীবানু সৃষ্টি হয় ও মুখে দূর্গন্ধ সৃষ্টি হয়। তাই বিশেষ বিশেষ সময়ে দাঁত ও মুখের ভেতরের অংশ পরিষ্কার করা অতি জরুরি। রাসূল ﷺ নামাযের পূর্বে, ওযূর সময়, ঘুম থেকে উঠে, বাড়িতে প্রবেশের সময়, দিনের প্রথম ও শেষ ভাগে, আহারের আগে ও পরে মিসওয়াক ব্যবহার করতেন।

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল ﷺ বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হত, তাহলে অবশ্যই আমি তাদেরকে প্রত্যেক নামাযের পূর্বে মিসওয়াক করার আদেশ করতাম। অন্য বর্ণনায় রয়েছে, ‘প্রত্যেক ওযূর পূর্বে।’

(বুখারী, মুসলিম)

আয়েশা (রাঃ) বলেন, নবী করীম ﷺ যখন নিজের বাড়িতে প্রবেশ করতেন তখন তিনি মিসওয়াক করতেন। (মুসলিম)

হুযায়ফা (রাঃ) বলেন, রাসূল ﷺ যখন তাহাজ্জুদের নামাযের জন্য উঠতেন তখন মিসওয়াক ব্যবহার করতেন। (বুখারী, মুসলিম)

আয়েশা (রাঃ) হতে বর্ণিত, রাসূল ﷺ বলেছেন,

اَلسِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ مَرْضَاةٌ لِلرَّبِّ

মিসওয়াক মুখকে পবিত্র রাখে এবং আল্লাহর সন্তুষ্টি আনয়ন করে। (নাসায়ী)