hadith book logo

মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৪

রাসূলের খাবার

রাসূল ﷺ যা সামনে পেতেন তা-ই খেতেন। তাঁর কাছে ঐ খাদ্য সবচেয়ে প্রিয় ছিল যাতে হাত বেশি পড়ত অর্থাৎ বেশি লোক একত্রে আহার করত। খেতে বসলে তিনি অধিকাংশ সময় নামাযে বসার ন্যায় বসতেন। তবে এ সময়ে এক পা অপর পায়ের উপরে থাকত। তিনি বলতেন আমি একজন গোলাম আর আমি গোলামের মতই আহার করি, আর গোলামের মতই বসি। তিনি গরম খেতেন না, বলতেন গরম খানায় বরকত হয় না। তিনি প্লেটের নিকটবর্তী স্থান হতে খেতেন, আঙ্গুল চেটে খেতেন। তিনি দুই আঙ্গুল দিয়ে খেতেন না, বলতেন এটা শয়তানের খাবার। রাসূল ﷺ কোন খাদ্যের দোষ বের করতেন না, ভাল লাগলে খেতেন আর ভাল না লাগলে খেতেন না। খানা শেষে রাসূল ﷺ বর্তন খুব ভাল করে চেটে খেতেন আর বলতেন খাদ্যের শেষ দিকে বরকত বেশি হয়। রাসূল ﷺ তিন বারে পানি পান করতেন, শুরুতে বিসমিল্লাহ বলতেন এবং শেষে ‘আলহামদুলিল্লাহ’ বলতেন। রাসূল ﷺ পান করার পর অবশিষ্ট অংশ তাঁর ডান দিকের লোকদেরকে দিতেন। একবার রাসূল ﷺএর সামনে দুধ ও মধু একত্র করে আনা হল, এরপর তিনি বললেন দু’টি পানীয় দ্বারা একটি করেছে? আমি একে হারাম মনে করি না, তবে হিসাব এবং অহংকারের ভয়ে আমি এটা পছন্দ করলাম না। আমি নম্রতা পছন্দ করি। কারণ যে আল্লাহর জন্য নম্রতা প্রকাশ করে অর্থাৎ নিজেকে ছোট মনে করে আল্লাহ তার মান-মর্যাদা বাড়িয়ে দেন। রাসূল ﷺ ঘরের মধ্যে নতুন বিবাহিতা মহিলার চেয়ে বেশি লজ্জাশীল ছিলেন।