hadith book logo

মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৬

রাসূলের দানশীলতা

রাসূল ﷺ সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। রমাযান মাসে তাঁর দানশীলতা মুক্ত বাতাসের ন্যায় ব্যাপক আকারে বৃদ্ধি পেত। নিজের হাতে কিছুই রাখতেন না। নবী হওয়ার পর থেকে কেউ কোনকিছু চাইলে তিনি কখনো না বলতেন না।

একবার তিনি এক অমুসলিমকে অনেক বকরী দিলেন। এতে সে লোকটি খুশি হয়ে তার কওমের নিকট গিয়ে বলল, হে আমার সম্প্রদায়! তোমরা ইসলাম কবুল কর। কারণ মুহাম্মাদ ﷺ এমনভাবে দান করেন যে তিনি গরীব হওয়াকে মোটেই ভয় করেন না।

এক ব্যক্তি রাসূল ﷺএর কাছে এসে কিছু চাইল, তখন রাসূল ﷺএর কাছে কিছুই ছিল না। রাসূল ﷺ তাকে বলেলন, তুমি পরে আমার কাছে এসো আমি তোমাকে দেব। তখন উমর (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আল্লাহ তা‘আলা তো আপনাকে সার্মথ্যের বাইরে কষ্ট দিতে চান না। রাসূল ﷺ এর কাছে একথা পছন্দ হল না। এমন সময় এক ব্যক্তি বলে উঠল- হে আল্লাহর রাসূল! আপনি দান করতে থাকুন। আরশের মালিকের কাছে কমে যাওয়ার ভয় করবেন না। এ কথা শুনে রাসূল ﷺ এর মুখে হাসি ফুটে উঠল এমন কি তাঁর চেহারা উজ্জল হয়ে গেল। রাসূল ﷺ অকাতরে দান করতেন আর বলতেন, তোমরা আমাকে কৃপণ, মিথ্যুক, ও কাপুরুষ হিসেবে পাবে না। তিনি প্রয়োজন মিটানোর পর অতিরিক্ত কোনকিছু থাকলে সবই আল্লাহর রাস্তায় দান করে দিতেন।