hadith book logo

মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯

সালাতুত তাসবীহ

যিকিরের মূল চারটি বাক্য অর্থাৎ তাসবীহ তথা ‘সুবহানাল্লাহ’ তাহমীদ তথা ‘আল-হামদুলিল্লাহ’, তাহলীল তথা ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ এবং তাকবীর তথা ‘আল্লাহু আকবার’ সহকারে নামায আদায় করাকে সালতুত তাসবীহ বলে। চার রাকাত নামাযে প্রতি রাকাতে ৭৫ বার করে চার রাকাতে মোট ৩০০ বার উক্ত যিকিরগুলো আদায় করতে হয়। হাদীসে সালাতুত তাসবীহের অনেক ফযীলত বর্ণিত হয়েছে।

আবদুল্লাহ ইবনে আববাস (রাঃ) কে লক্ষ্য করে রাসূল ﷺ বললেন, হে আববাস! আমি কি তোমাকে কিছু দান করব? আমি কি তোমার প্রতি অনুগ্রহ করব? আমি কি তোমাকে দশটি উত্তম বৈশিষ্টের কথা বলব? যখন তুমি তা সম্পাদন করবে আল্লাহ তা‘আলা তোমার পূর্বের-পরের, নতুন-পুরাতন, ইচ্ছাকৃত-অনিচ্ছাকৃত, ছোট-বড়, প্রকাশ্য-অপ্রকাশ্য সকল গুনাহ ক্ষমা করে দেবেন। আর সে কাজটি হল সালাতুত তাসবীহ আদায় করা। এ নামায সম্ভব হলে তুমি প্রতিদিন পড়বে, না পারলে সপ্তাহে একদিন পড়বে, না পারলে মাসে একদিন পড়বে, তাও না পারলে বছরে একদিন পড়বে, এটাও সম্ভব না হলে জীবনে একবার হলেও এ নামায আদায় করবে। (আবু দাউদ হা: ১২৯৯)

সালাতুত তাসবীহ আদায় করার নিয়ম :

চার রাকাত নামায পড়তে হবে, প্রত্যেক রাকাতে সূরা ফাতেহার পর একটি সূরা মিলাতে হবে, প্রথম রাকাতে সানা পড়ার পর সূরা ফাতেহা পড়ার আগে নিচের তাসবীহটি ১৫ বার পড়বে :

سُبْحَانَ اللهِ ، وَالْحَمْدُ للهِ ، وَلَا إِلٰهَ إِلَّا اللهُ ، وَاللهُ أكْبَرُ .

‘‘সুবহা-নাল্লা-হি ওয়ালহাম্দুলিল্লা-হি ওয়ালা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার’’

রুকূতে গিয়ে ১০ বার পড়বে।

রুকূ থেকে দাঁড়িয়ে ১০ বার।

সিজদায় গিয়ে ১০ বার।

সিজদা থেকে বসে ১০ বার।

দ্বিতীয় সিজদায় ১০ বার।

দ্বিতীয় সিজদা থেকে উঠে বসে ১০ বার পড়বে। এ হল মোট ৭৫ বার।

তারপর দাঁড়িয়ে পুনরায় এভাবে বাকি তিন রাকাত নামায আদায় করবে।