hadith book logo

মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমসমূহ

কেউ যদি আল্লাহর পথের পথিক হতে চায় এবং আল্লাহর নৈকট্য, রহমত, বরকত ও নাজাত কামনা করে, তাহলে তাকে নিম্নের বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে।

প্রথমত :

বিশুদ্ধভাবে তাওহীদ ও রিসালাতের উপর ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরাম, তাবেয়ী ও তাবে-তাবেয়ীগণের আকীদা বা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা অনুযায়ী নিজের আকীদা গঠন করতে হবে। পরবর্তী যুগের বিদআত ও বানোয়াট আকীদা বর্জন করতে হবে। সাথে সাথে সকল প্রকার শিরক, কুফর, ও বিদআত থেকে আত্মরক্ষা করতে হবে।

দ্বিতীয় :

ফরজ ইবাদাতসমূহ বিশুদ্ধভাবে পালন করার সর্বাত্মক চেষ্টা করতে হবে। সকল প্রকার কাবীরা গুনাহ ও হারাম কাজ বর্জন করতে হবে। সকল প্রকার হারাম উপার্জন পরিহার করতে হবে। কোন মানুষ অথবা প্রাণীর হক বা অধিকার নষ্ট করা বা ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে।

তৃতীয়ত :

মনকে হিংসা-বিদ্বেষ, ঘৃণা, অহংকার ও জাগতিক লোভ-লালসা থেকে যথাসম্ভব পবিত্র রাখার জন্য সর্বদা চেষ্টা করতে হবে। এজন্য সর্বদা আল্লাহর দরবারে তাওফীক চেয়ে দো‘আ করতে হবে।

চতুর্থত :

নফল ইবাদাত বেশি বেশি পালনের চেষ্টা করতে হবে। মানুষের সেবা, উপকার ও সাহায্য এসব কাজ যথাসম্ভব বেশি বেশি করে করতে হবে। নফল নামায যথাসম্ভব বেশি আদায়ের চেষ্টা করতে হবে এবং দৈনন্দিন সকল কাজে রাসূল ﷺ এর সুন্নাতের অনুসরণ করতে হবে।

আল্লাহ তা‘আলা বলেন-

قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللهَ فَاتَّبِعُوْنِي يُحْبِبْكُمُ اللهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ وَ اللهُ غَفُوْرٌ رَّحِيْمٌ

‘‘(হে নবী) আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালবাসা পেতে চাও তবে আমার অনুসরণ কর, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন। আল্লাহ অতি ক্ষমাশীল ও পরম দয়ালু।’’ (সূরা আলে ইমরান- ৩১)