hadith book logo

মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৮

রাসূলের প্রতি ভালবাসার নিদর্শন

আল্লাহর রাসূল ﷺ এর প্রতি ভালবাসা আছে কি না তা জানার জন্য কিছু আলামত ও চিহ্ন রয়েছে, নিচের আলামতগুলো কারো মধ্যে থাকলে বুঝা যাবে যে, সে রাসূল ﷺ কে ভালবাসে।

১. রাসূল ﷺ এর ভালবাসার প্রথম নিদর্শন হল আল্লাহর রাসূল ﷺ যে শরীয়াত নিয়ে আগমন করেছেন, আর যে সকল বিধি-বিধান রেখে গেছেন সেগুলোকে মনেপ্রাণে মেনে নেয়া এবং এতেই সন্তুষ্ট থাকা। রাসূল ﷺ এর আদেশ ও নিষেধসমূহ পালন করতে মনের মধ্যে কোন সংকীর্ণতা না রাখা।

আল্লাহ তা‘আলা বলেন-

فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُوْنَ حَتّٰى يُحَكِّمُوْكَ فِيْمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوْا فِيْ أَنْفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوْا تَسْلِيْمًا

(হে নবী) আপনার রবের কসম! কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে সংঘটিত বিষয়ের ফায়সালায় আপনার হুকুম না মানবে। তারপর আপনার দেয়া ফায়সালার উপর তাদের মনে কোন খটকা থাকবে না এবং তারা সম্পূর্ণরূপে আত্মসর্মপণ করবে। (সূরা নিসা- ৬৫)

তাজুদ্দীন আতা (রহ:) বলেন, প্রকৃত মুমিন হতে হলে সকল বিষয়ে আল্লাহ ও তাঁর রাসূল ﷺ এর নির্দেশ মেনে চলতে হবে, রাসূল ﷺ যা বলেছেন ও করেছেন, তা সবই আল্লাহর পক্ষ থেকে এসেছে।

মহান আল্লাহ বলেন-

وَمَا يَنْطِقُ عَنِ الْهَوٰى - إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُّوْحٰى

মুহাম্মাদ ﷺ নিজের পক্ষ থেকে কিছুই বলেন না; বরং আল্লাহর পক্ষ থেকে যা অবর্তীণ হয় তাই তিনি বলেন। (সূরা নাজম- ৩, ৪)

২. রাসূল ﷺ এর প্রতি মুহাববতের দ্বিতীয় নিদর্শন হল- কথা ও কাজের দ্বারা তার দ্বীনের সাহায্য করা এবং শরীয়তবিরোধী কাজ হতে নিজে দূরে থাকা এবং অন্যকেও দূরে রাখা।

৩. রাসূল ﷺ এর মুহাববতের তৃতীয় নিদর্শন হল- রাসূল ﷺ এর চরিত্রে চরিত্রবান হওয়া, দানশীলতা, অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়া, ধৈর্যধারণ ও নম্রতা সবদিক দিয়ে রাসূলের মত হওয়ার চেষ্টা করা। যে সকল বদভ্যস থেকে তিনি দূরে থাকতেন ও অন্যকে নির্দেশ দিতেন তা হতে দূরে থাকা। অন্যকে গালি দেয়া, গীবত করা, মিথ্যা বলা, কৃপণতা করা, অন্যের প্রতি হিংসা করা, অন্যের দোষ বের করা ইত্যাদি হতে দূরে না থাকলে রাসূল ﷺ এর প্রতি ভালবাসার দাবী করা যায় না। আর যে ব্যক্তি রাসূল ﷺ এর মত চরিত্র গড়ার জন্য নিজের নফস তথা মনের সাথে জিহাদ করে সে ঈমানের মিষ্টতা লাভ করে। আর যে ঈমানের মিষ্টতা পায় সে ইবাদাত-বন্দেগী করতেও স্বাদ পায়। এতে যেসব কষ্ট স্বীকার করতে হয় তা সে খুশিতে বরণ করে নেয় এবং অস্থায়ী দুনিয়ার ভোগ-বিলাসকে পেছনে রেখে দ্বীনের কাজে আগ্রহী থাকে।

৪. রাসূল ﷺ এর মুহাববতের আলামত হল- যে কুরআন তাঁর উপর নাযিল হয়েছে সে কুরআনকে মুহাববত করা। কেউ যদি আল্লাহ ও রাসূল ﷺ এর মুহাববত দেখতে চায় তবে সে যেন অন্তর দিয়ে কুরআনকে মুহাববত করে।