hadith book logo

মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৭

তাহিয়্যাতুল মসজিদ বা দুখলুল মসজিদ

মসজিদে প্রবেশ করে বসার আগে যে নামায আদায় করা হয় তা তাহিয়্যাতুল মসজিদ বা মসজিদে প্রবেশের নামায নামে পরিচিত। মসজিদের পাওনা যে, মুমিন মসজিদে প্রবেশ করলে বসার আগে অন্তত কিছু নামায আদায় করবে। বিভিন্ন হাদীসে রাসূল ﷺ বারংবার নির্দেশ দিয়েছেন যে, মসজিদে প্রবেশ করলে দু’রাকাত নামায আদায় না করে কখনোই বসবে না। মসজিদে প্রবেশ করে বসার আগেই সুন্নাত নামায আদায় করলে বা জামাআতে দাঁড়িয়ে গেলেও এতে ‘তাহিয়্যাতুল মসজিদ’ আদায় হবে। নতুবা মাকরূহ ওয়াক্ত ছাড়া অন্য সময়ে অন্তত দু’রাকাত নফল নামায আদায় করে বসতে হবে।

রাসূল ﷺ এর সাথি আবু কাতাদা (রাঃ) বলেন, আমি মসজিদে প্রবেশ করলাম, আর রাসূল ﷺ মানুষের সাথে বসা ছিলেন। রাবী বলেন, আমি বসে পড়লাম। তখন রাসূল ﷺ বললেন, কিসে তোমাকে বসার পূর্বে দুই রাকাত নামায পড়তে নিষেধ করল? তখন আমি বললাম, আমি আপনাকে ও লোকদেরকে বসে থাকতে দেখেছি (তাই আমিও বসে পড়লাম)। তখন রাসূল ﷺ বললেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন সে যেন দু’রাকাত নামায পড়ে নেয়। (মুসলিম হা: ১৬৮৮)

عَنْ أَبِى قَتَادَةَ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ- قَالَ إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ

আবু কাতাদা (রাঃ) হতে বর্ণিত, রাসূল ﷺ বলেছেন, ‘‘যখনই তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন বসার পূর্বে যেন দু’রাকাত নামায পড়ে নেয়।’’

(মুসলিম হা: ১৬৮৭)