hadith book logo

মুমিনের আমল ও চরিত্র যেমন হওয়া উচিত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৫

যৌবনকালের ইবাদাতের মূল্য সবচেয়ে বেশি

আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, সাত শ্রেণীর লোককে আল্লাহ তা‘আলা তাঁর ছায়ায় স্থান দেবেন যেদিন তাঁর ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না :

১। ন্যায়পরায়ণ শাসক।

২। সেই যুবক যে আল্লাহর ইবাদাতের মধ্য দিয়ে বড় হয়।

৩। সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। যখন সে বেরিয়ে আসে তখন পুনরায় মসজিদে ফিরে যাওয়ার অপেক্ষায় থাকে।

৪। সেই দুইব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালবাসে। আল্লাহর সন্তুষ্টির জন্যই তারা একত্রিত হয় এবং পৃথক হয়।

৫। সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং দু’চোখে অশ্রু বিসর্জন দেয় অর্থাৎ কান্না করে।

৬। সেই ব্যক্তি যাকে কোন সম্ভ্রান্ত সুন্দরী নারী (খারাপ কাজের জন্য) আহবান করে; কিন্তু সে বলে ‘‘আমি আল্লাহকে ভয় করি’’।

৭। সেই ব্যক্তি যে গোপনে এমনভাবে দান করে যে, বাম হাত জানতে পারে না যে, তার ডান হাত কী দান করেছে। (বুখারী, মুসলিম)

যৌবনকালের হিসাব পৃথকভাবে দিতে হবে :

عَنِ ابْنِ مَسْعُوْدٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَزُوْلُ قَدَمَا ابْنِ اٰدَمَ يَوْمَ الْقِيَامَةِ حَتّٰى يُسْأَلَ عَنْ خَمْسٍ عَنْ عُمُرِهٖ فِيْمَ أَفْنَاهُ وَعَنْ شَبَابِهٖ فِيْمَ أَبْلَاهُ وَمَالِهٖ مِنْ أَيْنَ اِكْتَسَبَهٗ وَفِيْمَ أَنْفَقَهٗ وَمَاذَا عَمِلَ فِيْمَا عَلِمَ

ইবনে মাসউদ (রাঃ) বলেন, নবী ﷺ বলেছেন, কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত কোন আদম সন্তান পা নাড়াতে পারবে না :

১. তার বয়স কীভাবে অতিবাহিত করেছে?

২. যৌবনকাল কীভাবে কাটিয়েছে?

৩. সম্পদ কীভাবে অর্জন করেছে?

৪. সম্পদ কোথায় ব্যয় করেছে?

৫. তার জ্ঞান অনুযায়ী সে কতটুকু আমল করেছে? (তিরমিযী)

সুযোগ থাকতে সুযোগকে কাজে লাগাতে হবে :

عَنْ عَمْرِو بْنِ مَيْمُوْنٍ رَضِيَ اللهُ عَنْهُ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ : اِغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ : حَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ ، وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ ، وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ ، وَشَبَابَكَ قَبْلَ هَرَمِكَ وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ

আমর বিন মায়মুনা (রাঃ) বলেন, নবী ﷺ বলেছেন, পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি বিষয়কে গনীমত মনে কর :

১. মৃত্যুর পূর্বে জীবনের।

২. ব্যস্ততার পূর্বে অবসরের।

৩. দারিদ্রতার পূর্বে সচ্ছলতার।

৪. বার্ধক্যের পূর্বে যৌবনের।

৫. অসুস্থতার পূর্বে সুস্থতার। (তিরমিযী)