hadith book logo

শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

প্রচলিত শিক্ষা–ব্যবস্থার মৌলিক সমস্যা

যতদূর চিন্তা করতে পেরেছি, আমাদের শিক্ষা ব্যবস্থার মৌলিক সমস্যাই হচ্ছে তার আদর্শবাদের সমস্যা- তার দর্শন ও দৃষ্টিভঙ্গির সমস্যা। স্বাধীন বাংলাদেশের বিশেষ অবস্থান এবং স্বাধীনতা অর্জনকারী জনগণ দাবী করে যে, এদেশের শিক্ষা-ব্যবস্থাকে পুরোপুরি ইসলামের জীবন-দর্শন ও জীবন-ব্যবস্থার ভিত্তিতে পুনর্গঠন করতে হবে, যেন এখানে আদর্শবাদী নাগরিক গড়ে উঠতে পারে, সাধারণভাবে জাতির জনগণ এবং বিশেষভাবে শাসক, পরিচালক ও কর্মকর্তারা যেন ইসলামী চরিত্র ও দৃষ্টিভঙ্গির ধারক হতে পারেন, যেন এই দেশ আদর্শ ও বাস্তব তথা কথা ও কাজ- উভয় দিক দিয়েই পুরোপুরি ইসলামী হয়ে ওঠে। দেশবাসীর এটা শুধু কামনা নয়, বরং একথা নিশ্চিত যে, এরূপ শিক্ষা ব্যবস্থা ছাড়া অন্য কোন শিক্ষা ব্যবস্থাকে তারা মনে-প্রাণে গ্রহণ করতে রাজী নয়। এ কারণেই পাকিস্তান আমলের তেইশ বছরে দেখা গেছে, দেশের শাসকগণ সম্পূর্ণ ইসলাম-বিরোধী কাজ করতে গিয়েও ইসলামেরই দোহাই দিয়েছেন- অন্তত বলতে বাধ্য হয়েছেন যে, এ কাজ ইসলাম বিরোধী নয়। [এ ব্যাপারে স্বাধীনতা উত্তর বাংলাদেশের ক্ষমতাভোগী শাসকদের স্ব–বিরোধী আচরণও বিশেষ তাৎপর্যবহ। তাঁরা শাসন–প্রশাসনে ধর্মহীন ভূমিকা গ্রহণ করলেও বিশেষ বিশেষ উপলক্ষ্যে নিজেদেরকে ধার্মিকরূপে জাহির করতে চেষ্টার কোন ত্রুটিই করেননি।– সম্পাদক]

অতএব আমাদের শিক্ষার এ মৌলিক সমস্যার সমাধান হতে হবে সর্বাগ্রে- সর্বপ্রথম। এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কোন সমস্যারই সমাধান হতে পারে না। একথা আমরা- দেশের শাসন কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসী- যতো তাড়াতাড়ি বুঝতে পারব, ততই মঙ্গল।