১
শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি
লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭
আমাদের শিক্ষা সমস্যা
সাধারণ মানবিক দৃষ্টিতে এবং বিশেষভাবে ইসলামের দৃষ্টিতে শিক্ষার বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ। মানুষের অন্তর্নিহিত শক্তি-প্রতিভার স্ফুরণ, ক্রমবিকাশ দান এবং সূক্ষ্ণ মানবীয় ভাবধারা- আবেগ উচ্ছাসের- সুষ্ঠুতা ও পরিচ্ছন্নতা বিধানের একমাত্র উপায় শিক্ষা। মানুষ তার বাহ্যিক আকার-আকৃতি ও স্বভাবগত শক্তি-প্রতিভার দিক দিয়ে নিতান্ত পাশবতার পর্যায়ে অবস্থিত। তাকে মনুষ্যত্ব ও মানবতার উন্নত মর্যাদায় তুলে আনতে হলে শিক্ষা ছাড়া দ্বিতীয় কোন উপায় তার করায়ত্ত নয়। মানুষ যতক্ষণ জানতে ও হৃদয়ঙ্গম করতে না পারবে যে সে মানুষ- মানুষ হিসেবে তার মাঝে অমুক অমুক মানবীয় গুণের সমাবেশ ঘটা আবশ্যক এবং তাকে অমুক অমুক দায়িত্ব পালন করতে হবে, ততক্ষণ পর্যন্ত সে সত্যিকারভাবে মানুষের মতো জীবন যাপন করতে পারবে না- পারবেনা মানুষের মতো আচার-আচরণ ও স্বভাব-চরিত্র গ্রহণ করতে। তাই মানব সভ্যতার শুরু থেকেই শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে, শিক্ষাকে মানুষের জন্যে অপরিহার্য বলে মনে করা হয়েছে এবং এ অপরিহার্যতা সম্পর্কে মনাবসমাজ চিরকালই ঐকমত্য পোষণ করে এসেছে। বস্তুত শিক্ষা দুনিয়ার মানব সমাজের জন্যে একটি মৌলিক ব্যাপার। শিক্ষা সমস্যা তাই দুনিয়ার সকল জাতির পক্ষেই সর্বাধিক জটিল সমস্যা। এ সমস্যার আশু সমাধান হওয়া প্রতিটি জাতির জন্যেই একান্ত জরুরী। কেননা এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত জাতীয় জীবনের অন্য কোন সমস্যারই একবিন্দু সমাধান লাভ করা সম্ভব নয়। তবে আমার দৃষ্টিতে শিক্ষার সাধারণ মৌলিক সমস্যাই সর্বপ্রথম বিবেচ্য।