hadith book logo

শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

শিক্ষার পরিবেশ

শিক্ষার ব্যাপারে সবচাইতে কার্যকর ও প্রভাবশালী হচ্ছে শিক্ষার পরিবেশ। শিক্ষার পরিবেশ বলতে বুঝায় শিক্ষণীয় বিষয়, শিক্ষাদানের পদ্দতি, শিক্ষকের শিক্ষাদান এবং শিক্ষার্থীর শিক্ষালাভের মূলে কার্যকর মনোভাব ও দৃষ্টিভঙ্গি এবং ছাত্র-শিক্ষক ও ছাত্রদের পারস্পরিক সম্পর্ক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ম-নীতি। এদেশের ‘জাতীয় শিক্ষা’ (National Education) ব্যবস্থার মাধ্যমে যে বিষয়গুলো শিক্ষা দেয়া হয়, তা কোন একটির সাথেও এদেশের শিক্ষার্থীদের মনে সংযোগ বা অন্তরের গভীরতর সম্পর্ক স্থাপিত হয় না। কেননা তার সবই ইসলামের বিপরীত-ইসলামের সাথে সম্পর্কহীন; ইসলামী দৃষ্টিভঙ্গির সাথেও তার নেই কোন সামঞ্জস্য। ফলে মুসলিম যুব-সমাজকে এ শিক্ষা দেয়া এক ধরণের গোপন ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। প্রকৃতপক্ষে এ হচ্ছে নিঃশব্দ ‘নরহত্যা’। হত্যাকাণ্ডে দেহ ধ্বংস হয় আর শিক্ষায় ঘটে মানব-মন তথা মনুষ্যত্বের অপমৃত্যু। অতএব এ কাজ নরহত্যার চাইতেও মারাত্মক। মানুষের আত্মা ও তার অন্তর্নিহিত নির্মল ভাবধারা এ শিক্ষা থেকে কোন রস আহরণ করতে পারে না। এ শিক্ষায় জাগে না তাদের মন-মগজ ও স্বভাব-প্রকৃতিতে আনন্দ-শিহরণ, উৎসাহ-উদ্দীপনা ও আবেগের উত্তাল তরঙ্গ। বরং এ শিক্ষা মানুষের অপমৃত্যু ঘটায়, যেমন ঘটায় বিষাক্ত সাপের ছোবল। আর মনুষ্যত্বের অপমৃত্যু ঘটার পরিণাম হল মানব দেহে এক হিংস্র পশুকে জাগিয়ে তোলা ফলে শিক্ষাগার নামক কারখানা থেকে যারা দলে দলে বের হয়ে আসে তারা শিক্ষিত মানুষ নয়, ডিগ্রীর তক্‌মাধারী একশ্রেণীর জীব। বতর্মান শিক্ষাব্যবস্থায় বিষয় নির্বাচনকালে আদৌ চিন্তা করা হয়না যে, এ শিক্ষা মানুষের জন্যে, মানুষকে মনুষ্যত্ব শিক্ষা দেবার জন্যে, পশু বানাবার জন্যে নয়। ফলে পাশবিক শক্তিরই বিকাশ সম্ভব হয় এর মাধ্যমে।

দেশের মাদ্রাসা শিক্ষা সম্পর্কে বলা যায়, সেখানে কুরআন ও হাদীস ছাড়া আর যা কিছুই পড়ানো হয়, তাকে এক কথায় ‘বস্তা পঁচা জিনিস’ বললেও অত্যুক্তি হবেনা। সেখানে কুরআন-হাদীস পড়ানো হয় ইসলামী জীবন-দশর্ন ও জীবন-ব্যবস্থার উৎস হিসেবে নয়; পড়ানো হয় এভাবে, যেন এসব প্রাচীনকালের আরবী সাহিত্য গ্রন্থ। এ শিক্ষার সবচাইতে বড় ত্রুটি হল, এখানে প্রাচীন কালের লেখা বড় বড় দুর্বোধ্য কিতাব পড়ানো হয়, কোন বিষয়ের জ্ঞান শেখান হয়না। কেননা বিষয়-ভিত্তিক জ্ঞানের সঙ্গে কোন সম্পর্ক নেই এখানকার শিক্ষক সাহেবানদের।