hadith book logo

শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

শিক্ষক–ছাত্রের সম্পর্ক

শিক্ষার ব্যাপারে শিক্ষক ও ছাত্রের মধ্যে যথোপযোগী সম্পর্ক গড়ে ওঠার ওপর চিরদিনই গুরুত্ব দেয়া হয়েছে। এ সম্পর্ক সঠিক এবং সুষ্ঠু না হলে সত্যিকার জ্ঞান আহরণ ও বিতরণ সম্ভব নয়। তাদের মাঝে বর্তমানে যেহেতু শিক্ষার উদ্দেশ্য হচ্ছে ডিগ্রী লাভ এবং শিক্ষকদের দৃষ্টিভঙ্গি হচ্ছে মাসান্তর টাকা গোণা, তাই শিক্ষক ও ছাত্রের মাঝে বলতে গেলে লেন-দেনের সম্পর্কই হচ্ছে প্রবল। তাদের সেই সম্পর্ক গড়ে উঠছেনা, যা সত্যিকার জ্ঞান লাভের জন্যে অপরিহার্য। তাই আজ পরীক্ষার ফলের ব্যাপারে প্রথম শ্রেণীর ছাত্রকে তৃতীয় শ্রেণীতে ঠেলে দিতে শিক্ষকরা এবং প্রত্যাশিত ফলের জন্যে শিক্ষকেরা মাথা ভেঙে দিতে ছাত্ররা কোন অন্যায় বোধ করছে না।

অধিকন্তু ছাত্রদের পারস্পরিক সম্পর্ক যেখানে হওয়া উচিত পবিত্র, আন্তরিক, ভ্রাতৃত্বপূর্ণ এবং সহানুভূতিসম্পন্ন- একই জ্ঞান-ভাণ্ডার থেকে জ্ঞান আহরণকারী বন্ধু ও সারথী হওয়ার মতো, সেখানে পারস্পরিক হিংসা-দ্বেষ, দলাদলি ও চরম প্রতিদ্বন্দ্বীতার অমানবিক ভাবধারাই প্রবল ও প্রকট হতে দেখা যায়। এ কারণে দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠনে ছাত্রাবাস দখলের জন্যে ইদানীং ছাত্রে ছাত্রে মারামারি ও খুনখারাবী হওয়া এক নিত্যকার ঘটনায় পরিণত হয়েছে। এ ধরনের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক অশান্তি, দুশ্চিন্তা ও উদ্বেগের এক অস্বাভাবিক পরিস্থিতি বিরাজমান থাকে, তাতে আর যা-ই হোক জ্ঞান অর্জন সম্ভব নয়।