১
শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি
লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩২
শিক্ষা–দর্শন ও জীবন–দর্শন
বস্তুত শিক্ষা ও জীবন এক অখণ্ড ও অবিচ্ছেদ্য সত্য। এর একটিকে অন্যটি থেকে বিচ্ছিন্ন করে সম্পূর্ণ ভিন্ন রূপে চিন্তা ও বিবেচনা করার সম্ভবপর নয়। একটি জাতির শিক্ষা সংক্রান্ত মতাদর্শ ও মূলনীতি তা-ই যা তার জাতীয় জীবন-দর্শন ও জাতীয় জীবন-আদর্শ। জীবন-দর্শন এবং শিক্ষা-দর্শন এ দুটিই মূলের দিক দিয়ে এক ও অভিন্ন। শিক্ষাবিদ ও শিক্ষা-পারদর্শীদের শিক্ষা-সম্পর্কিত মত-পার্থক্য মূলত জীবন-দর্শনেরই পার্থক্য। জীবন-দর্শন বিভিন্ন হওয়ার কারণের শিক্ষা-দর্শনও বিভিন্ন ও পরস্পরবিরোধী হতে বাধ্য। প্রত্যেক জাতিই শিশুদের শিক্ষা-দীক্ষার ব্যবস্থা করে সে পন্থা ও পদ্ধতিতে, যা তার জীবনাদর্শ ও জীবন-লক্ষ্য বাস্তবায়নের অনুকূল এবং পরিপূরক। যে পথে চলে শিক্ষার্থীর জীবন তাদের জাতীয় লক্ষ্যের দৃষ্টিতে সফল ও চরিতার্থ হতে পারে, সেই পথটিই হচ্ছে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত পথ ও পন্থা। কাজেই যে জাতির জীবন-লক্ষ্য নিছক বৈষয়িক বা বস্তুগত এই নশ্বর জীবনের জন্যে সুখ-স্বাচ্ছন্দ্য ও উন্নতি বিধানই যাদের উদ্দেশ্য, তাদের শিক্ষাব্যবস্থা, পাঠ্য-বিষয় এবং শিক্ষার্থী, শিক্ষাদাতা, শিক্ষালয় ও শিক্ষার পরিবেশ ঠিক তা-ই হবে, যা তাদের এ দৃষ্টিকোণকে চরিতার্থ ও পরিতৃপ্ত করতে সক্ষম এবং তার সাথে সামঞ্জস্যপূর্ণ। পক্ষান্তরে যে জাতির দৃষ্টিতে এই জীবনটা লক্ষ্যপথের একটা মনযিল ও স্তর মাত্র এবং অবিনশ্বর ও চিরন্তন জীবনের সাফল্য ও সার্থকতাই যাদের চরম লক্ষ্য, তাদের সমগ্র শিক্ষাব্যবস্থা ও শিক্ষা-পদ্ধতি এমন ভঙ্গিতে তৈরী হতে হবে, যার সামান্য পর্যবেক্ষণেও পরকালীন লক্ষ্যাদর্শ ও উদ্দেশ্যপরায়ণতা অনুভূত হতে পারবে। অনুরূপভাবে যে-জাতির লক্ষ্য শুধু দৈহিক ও মানসিক শক্তিনিচয়ের উন্নতি ও পূর্ণত্ব বিধান, তাদের শিক্ষা-ব্যবস্থায় অনুরূপ দৃষ্টিকোণেরই পূর্ণ প্রতিফলন ঘটবে। জাতীয়তাবাদী কিংবা দেশমাতৃকাবাদী, বস্তুবাদী কিংবা বৈরাগ্যবাদী- যা-ই হোক না কেন, প্রত্যেক জাতিই নিজস্ব দৃষ্টিকোণ ও দৃষ্টিভঙ্গি অনুযায়ীই শিক্ষাব্যবস্থা গড়ে তোলে এবং এ সব ব্যবস্থায়ই তাদের জীবন-দর্শনের বাস্তব প্রতিফল ঘটে অনিবার্যভাবে। তাদের জীবন-দর্শন কি- তা ভালো কি মন্দ, ত্রুটিপূর্ণ কি নিখুঁত যা-ই হোক না কেন- এসব ব্যবস্থাপনাই হয় তার নির্মল দর্পন বিশেষ। এ দর্পনে তার সব কিছু প্রতিবিম্বিত হয় এবং তা দেখে তার অন্তঃস্থল পর্যন্ত এক দৃস্টিতে দেখে নেয়া ও সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করা খুবই সহজ।