hadith book logo

শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

শিক্ষার মৌলিক সমস্যা

শিক্ষার সাধারণ ও মৌলিক সমস্যা হল শিক্ষাদর্শনের সমস্যা। কেননা মূলগতভাবে শিক্ষা ও জীবন পরস্পর-বিজড়িত-অবিচ্ছিন্ন। কোন জনসমষ্টির শিক্ষাদর্শন ও শিক্ষানীতি সেই জনসমষ্টিরই জীবন-দর্শন ও জীবন পদ্ধতিরই নামান্তর। অন্য কথায়, জীবন-দর্শন ও শিক্ষাদর্শ মৌলিকভাবেই এক। শিক্ষাদর্শনের ক্ষেত্রে দুনিয়ার চিন্তাবিদদের মাঝে যে মতবিরোধ, তা আসলে জীবন-দর্শন পর্যায়ের মতবিরোধেরই বহিঃপ্রকাশ। প্রত্যেক জাতিই তার বংশধরদের শিক্ষা ও প্রশিক্ষণ সেই পন্থা ও পদ্ধতিতেই দিয়ে থাকে, যা তার জীবন-লক্ষ্য অর্জনে এবং তার পূর্ণতা বিধানে পুরোপুরি কার্যকর; যে পথে চললে শিক্ষার্থীর জীবনকে তার দৃষ্টিভঙ্গি ও দৃষ্টিকোণ থেকে সাফল্যমণ্ডিত বলা যাবে। যে জাতির জীবন-উদ্দেশই হচ্ছে নিছক বস্তুগত, ক্ষণস্থায়ী এবং নশ্বর, তার চলমান জীবনের সামগ্রী সংগ্রহ ও উন্নতি বিধান, তার শিক্ষা ব্যবস্থার পাঠ্যসূচী, বই-পুস্তক, শিক্ষক-প্রশিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং তার গোটা পরিবেশই হবে ক্ষয়িষ্ণু ও সীমাবদ্ধ জীবন-দৃষ্টির তৃপ্তি বিধানকারী।

পক্ষান্তরে কোন জাতির দৃষ্টিতে এ ক্ষয়িষ্ণু জীবন যদি শুধু একটি ‘চলার পথ’- একটা ‘অসীলা’ মাত্র হয় আর চিরন্তন ও শাশ্বত জীবনের সাফল্যই যদি হয় মনযিলে মক্‌সুদ, তাহলে তার গোটা শিক্ষা-ব্যবস্থার একটি সামান্য অনুষ্ঠানই নিঃসন্দেহে প্রমাণ করে দেবে যে, এর পেছনে পরকালেরর প্রতি অকুণ্ঠ বিশ্বাস এবং পরকালীন কল্যাণ লাভই এর চরমতম লক্ষ্য। অনুরূপভাবে কোন জাতির লক্ষ্য যদি নিছক দৈহিক ও মানসিক শক্তির স্ফূরণ ও বিকাশদান হয়, তাহলে তার শিক্ষা ব্যবস্থাও হবে তারই প্রতীক। বস্তুত জাতীয়তাবাদী, স্বাদেশিকাতাবাদী, বস্তুবাদী কিংবা বৈরাগ্যবাদী নির্বিশেষে সকল সমাজ ও জাতি সত্তাই নিজস্ব আদর্শ ও দৃষ্টিভঙ্গি অনুযায়ী শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে। এ ব্যবস্থার মাধ্যমেই প্রতিফলিত হয় তাদের নিজস্ব জীবন-দর্শন, জীবন-লক্ষ্য ও দৃষ্টিকোণ। সেই সঙ্গে তাদের জীবন-দর্শনের ভালো-মন্দ, ভুল-নির্ভুল এবং পূর্ণ-অপূর্ণ হওয়া সম্পর্কেও সুস্পষ্ট ধারণা করা যেতে পারে তাদের শিক্ষাব্যবস্থা, পাঠ্য বিষয় এবং শিক্ষা ও প্রশিক্ষণ-পদ্ধতি দেখেই। এক কথায়, মানুষের স্বভাব-চরিত্র, জীবন-ধারা এবং তার ইচ্ছামূলক কার্যাদির পথ নির্ধারিত হয় তার জীবন-লক্ষ্যের পরিপ্রেক্ষিতেই।