hadith book logo

পরিবার ও পারিবারিক জীবন

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৫

পারিবারিক স্থিতির ইসলামী সংরক্ষণ

ইসলামে তালাকের ব্যবস্থা আছে বলে পাশ্চাত্য সমাজ ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তারা বলেছে, তালাক ব্যবস্থা থাকায় মনে হচ্ছে, ইসলামে নারীর কোনো সম্মান নেই, আর বিয়েরও নেই কোনো গুরুত্ব –স্থায়িত্ব।

কিন্তু তালাকের ব্যবস্থাপনায় ইসলাম একক নয়। ইহুদী শরীয়তেও তালাকের ব্যবস্থা রয়েছে। প্রাচীন সমাজসমূহেও এর প্রচলন ছিল। স্বয়ং খ্রিষ্টানদের মধ্যেও তালাকের ব্যবস্থা –তা অত্যন্ত লজ্জাকরভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। অথচ ইসলাম এমন এক পারিবারিক ব্যবস্থা উপস্থাপিত করেছে, যা স্বামী ও স্ত্রী –উভয়েরই ন্যায়সঙ্গত অধিকার ও মর্যাদার পূর্ণ নিয়ামক এবং তা পরিবারকে এমনি সুষ্ঠুভাবে গড়ে তোলে, যার ফলে মানবীয় সমাজ হয় অত্যন্ত শান্তিপূর্ণ। নিতান্ত প্রয়োজনের কারণেই তালাকের ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু তবুও এ ব্যবস্থাকে কেউ খেলনার ছলে গ্রহণ করে নারীকে অযথা কষ্ট দেবে আর পরিবারের পবিত্রতা বিনষ্ট করবে, তার কোনো সুযোগই রাখা হয়নি।

ইসলাম প্রথমত বিয়ে ও দাম্পত্য জীবনকে চিরদিদের তরে স্থায়ী করে তুলতে চায় এবং মৃত্যু পর্যন্ত স্বামী-স্ত্রী হিসেবেই বসবাস করবে –এই তার নির্দেশ। এ কারণে ইসলামে নির্দিষ্ট মেয়াদের জন্যে বিয়েকে জায়েয বলে গ্রহণ করা হয়নি।–[কেবলমাত্র শিয়া ফিকাহতে বিয়েকে দু’ভাগে ভাগ করা হয়েছেঃ এক সাময়িক নির্দিষ্ট মেয়াদের জন্যে বিয়ে। আর দ্বিতীয় চিরস্থায়ী বিয়ে। কিন্তু সুন্নী ফিকাহতে এই বিভক্তি গ্রাহ্য হয়নি। (আরবী)] এরূপ শর্তে কোনো বিয়ে যদি সম্পন্ন হয়ওতবে সে বিয়ে চিরদিনের জন্যে হয়ে যাবে, আর মেয়েদের সে শর্ত বাতিল হয়ে যাবে।