hadith book logo

পরিবার ও পারিবারিক জীবন

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (র.) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৩

বদল বিয়ে জায়েয নয়

হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) বর্ণনা করেছেনঃ

(আরবী)

নবী করীম (ﷺ) ‘শেগার’ বিয়ে নিষেধ করে দিয়েছেন।

‘শেগার’ বিয়ে কাকে বলে –তার ব্যাখ্যা করে হাদীসের বর্ণনাকারী বলেছেনঃ

(আরবী)

‘শেগার’ বিয়ে হয় এভাবে যে, একজন অপরজনের নিকট নিজের মেয়ে বিয়ে দেবে এ শর্তে যে, সে তার মেয়ে তার নিকট বিয়ে দেবে, আর এ দুটি বিয়েতে কোনো মোহরানা দেয়া নেয়া হবে না।

আল্লামা ‘বেন্দার’ বলেছেনঃ শেগার বিয়ের কথাবার্তা হয় এভাবে যে, এক ব্যক্তি অপর ব্যক্তিকে বলবেঃ

(আরবী)

তোমার মেয়েকে আমার নিকট বিয়ে দাও, আমি আমার মেয়েকে তোমার নিকট বিয়ে দেবো।

বাংলা ভাষায় আমরা এ ধরনের বিয়েকে বলে থাকি ‘বদল বিয়ে’

‘বদল বিয়ে’র নিষিদ্ধ ধরন হচ্ছে এই যে, একজন তার বোন কিংবা মেয়েকে অপর ব্যক্তির নিকট বিয়ে দেবে এ শর্তে যে, সেই অপর ব্যক্তি তার নিজের বোন কিংবা মেয়েকে তার কাছে বিয়ে দেবে এবং একজনের যৌন অঙ্গ অপর জনের বিয়ের মোহরানাস্বরূপ হবে। দুটি বিয়ের কোনোটিতেই আলাদাভাবে কোনো মোহরানাই ধার্য করা হবে না।

ইমাম রাফেয়ী বলেছেনঃ

(আরবী)

এ ধরনের বিয়েতে একটি বিয়েকে অপর একটি বিয়ের সাথে সম্পর্কিত করা হয়, একটির জন্যে অপরটি শর্ত স্বরূপ হয়ে দাঁড়ায়। আর যৌন অঙ্গে পরস্পরকে শরীক করা হয়। এ কারণে এ বিয়ে জায়েয নয়।

কিন্তু হানাফী মাযহাব অনুযায়ী একজনের মেয়ে কিংবা বোনকে অপর জনের নিকট বিয়ে দেয়া এবং শর্তে যে, সে তার মেয়ে কিংবা বোনকে তার নিকট বিয়ে দেবে –যেন একটি বিয়ে অপর বিয়ের বদল হয় –এ বিয়ে জায়েয এবং তাতে মহরে মিসল –সম-মানের মোহরানা দেয়া ওয়াজিব।

এ সম্পর্কে হানাফী মাযহাবের ফিকাহবিদদের মত হচ্ছেঃ

(আরবী)

‘শেগার’ বিয়ে নিষিদ্ধ শুধু এজন্যে যে, কেননা তাতে মোহরানা ধার্য করা হয় না। এ কারণে আমরা তাতে মহরে মিসল ওয়াজিব মনে করেছি। তাহলে তা আর ‘শেগার’ থাকবে না অর্থাৎ তখন তা নিষিদ্ধ নয়।