১
আল বিদায়া ওয়ান নিহায়া ২য় খন্ড
লেখকঃ আবুল ফিদা হাফিজ ইবন কাসীর আদ-দামেশকী (র) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৪
লাবী* ইবন ইয়াকুবের বংশধর হযরত আরমিয়া ইবন হালকিয়া
যাহহাক (র) ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, আরমিয়া ইবন হালকিয়া হচ্ছেন হযরত খিযির (আ)। কিন্তু এ বর্ণনাটি ‘গরীব পর্যায়ের এবং তা বিশুদ্ধ নয়। ইবন আসাকির কোন কোন গ্রন্থের উদ্ধৃতি দিয়ে বলেছেন, দামিশকে হযরত ইয়াহইয়া ইব্ন যাকারিয়া (আ)-এর রক্ত সদা প্রবহমান ছিল। আরমিয়া ইবন হালকিয়া সেই রক্তের উপর দাঁড়িয়ে বলেছিলেন, ‘হে রক্ত! তুমি তো বহু মানুষকে পরীক্ষায় ফেলেছ, এখন থাম।’ তখন রক্ত থেমে যায় এবং অদৃশ্য হয়ে যায়। আবু বকর ইবন আবিদ্-দুনয়া......আবদুল্লাহ ইবন আবদুর রহমান থেকে বর্ণনা করেন, হযরত আরমিয়া একদা আল্লাহর নিকট জিজ্ঞেস করেছিলেন, ‘হে আমার প্রতিপালক! আপনার নিকট প্রিয়তম বান্দা কে?’ উত্তরে আল্লাহ বলেছিলেন, ‘সৃষ্টিকূলের পরিবর্তে আমাকে অধিক স্মরণ করে নশ্বরের ধোঁকায় সে পড়ে না এবং দুনিয়ার স্থায়ী থাকার বাসনাও করে না। পার্থিব জীবনের সুখ শান্তিকে সে উপেক্ষা করে চলে এবং বিলাস-সামগ্রী থেকে বঞ্চিত হলে খুশী হয়। এ জাতীয় বান্দাদেরকে আমি আমার নৈকট্য দান করব এবং কল্পনাতীতভাবে পুরস্কৃত করব।’
[* টীকা বাইবেলে তাকে লেবী বলা হয়েছে।]
[* টীকা বাইবেলে তাকে লেবী বলা হয়েছে।]