hadith book logo

আল বিদায়া ওয়ান নিহায়া ২য় খন্ড

লেখকঃ আবুল ফিদা হাফিজ ইবন কাসীর আদ-দামেশকী (র) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৯

আরেকটি শিক্ষণীয় ঘটনা

ইমাম বুখারী (র) বলেন, আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেছেন, বনী ইসরাঈলের এক লোকের ঘটনা। সে ৯৯ জন মানুষ খুন করেছিল। তারপর কোন বুযর্গ ব্যক্তির খোঁজে বের হয়। সে একজন ইয়াহুদী ধর্মযাজকের নিকট এসে পৌঁছে বলে, ‘আমার তাওবা কবুল হবে কি?’ ধর্মযাজক বলেন, ‘না, তোমার কোন তাওবা কবুল হবে না।’ তখন সে ঐ ধর্মযাজককেও হত্যা করে।

এরপর সে অন্য বুযর্গ লোকের সন্ধান করছিল। একজন বলল, অমুক জনপদে যাও। পথে তার মৃত্যুর সময় হয়। তার বক্ষদেশ তখন ঐ জনপদ অভিমুখী ঝুঁকে রয়েছিল। তখন রহমতের ফিরিশতা ও আযাবের ফিরিশতা উভয় পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। আল্লাহ তাআলা সম্মুখ ভাগের ভূমিকে নির্দেশ দিলেন সংকুচিত ও কাছাকাছি হয়ে যেতে। পেছনে রেখে আসা ভূমিকে নির্দেশ দিলেন সম্প্রসারিত ও দূরে সরে যেতে ফিরিশতাদেরকে নির্দেশ দিলেন উভয় দিকে ভূমি মেপে দেখতে। দেখা গেল, সম্মুখের গন্তব্য স্থল পেছনের ছেড়ে আসা স্থান থেকে এক বিঘত নিকটে। অতঃপর তাকে ক্ষমা করে দেয়া হয়।

ইমাম বুখারী (র) এরূপ সংক্ষিপ্ত-ই-বর্ণনা করেছেন। ইমাম মুসলিম (র) তা বিশদভাবে বর্ণনা করেছেন।