hadith book logo

সিয়াম ও যাকাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৩

রমাযান মাসে নেক আমলে অগ্রগামী হওয়া

যেহেতু রমাযান মাসটাকে মহান আললাহ বিশেষ ফযীলত ও মর্যাদায় ভূষিত করেছেন, যা আমরা কুরআন ও সহীহ হাদীসের মাধ্যমে জানতে পেরেছি। তাই এ মাসটাকে ইবাদাত-বন্দেগী ও ভালো কাজের মধ্যে ব্যয় করা প্রত্যেক মুসলিম নর-নারীর একান্ত কর্তব্য।

রমাযান মাসে মানুষকে আল্লাহর পক্ষ থেকে এভাবে আহবান করা হয়,

يَا بَاغِىَ الْخَيْرِ أَقْبِلْ وَيَا بَاغِىَ الشَّرِّ أَقْصِرْ

হে মঙ্গল অন্বেষণকারী! অগ্রসর হও। হে কুপথগামী! একটু থামো। [তিরমিযী, হা/৬৮২; নাসাঈ, হা/২১০৭; ইবনে মাজাহ, হা/১৬৪২; মুসনাদে আহমাদ, হা/১৮৮১৭; সহীহ ইবনে খুযায়মা, হা/১৮৮৩; সহীহ ইবনে হিববান, হা/৩৪৩৫; মুসত্মাদরাকে হাকেম, হা/১৫৩২।]

অর্থাৎ এ মাসে যেহেতু রহমতের দরজা খোলা থাকে, তাই তুমি এই সুযোগকে হেলায়-খেলায় নষ্ট করো না। দুনিয়া-আখিরাতে উন্নতি লাভের জন্য তুমি ভালো কাজে তৎপর হও। অপরদিকে এ মাসে যেহেতু শয়তানগুলো বাঁধা থাকে, তাই এ সময়টি হচ্ছে পাপ থেকে দূরে সরে আসার সুবর্ণ সুযোগ। তাই তুমি সচেতন হও, ফিরে আসো তোমার প্রভুর দিকে। রমাযানের এই মর্মস্পর্শী ডাকে সকলের সাড়া দেয়া উচিত।