hadith book logo

সিয়াম ও যাকাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫০

ফিতরা আদায় করা

ইসলাম সম্পদের আবর্তন চায়। আল্লাহ তা‘আলা বলেন,

﴿كَيْ لَا يَكُوْنَ دُوْلَةً ۢبَيْنَ الْأَغْنِيَآءِ مِنْكُمْ﴾

সম্পদ শুধুমাত্র তোমাদের ধনীদের মধ্যে যেন কেন্দ্রীভূত না থাকে। (সূরা হাশর- ৭)

﴿وَفِيْۤ أَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّآئِلِ وَالْمَحْرُوْمِ﴾

আর তাদের সম্পদে প্রার্থী ও বঞ্চিতদের হক রয়েছে। (সূরা যারিয়াত- ১৯)

এজন্যই ইসলাম এমন কিছু বিধান ফরয করেছে, যাতে করে গরীবরা ধনীদের সম্পদের কিছু অংশ ভোগ করতে পারে। এরই একটি অংশ হচ্ছে সাদাকাতুল ফিতর।

দুটি লক্ষ্যকে সামনে রেখে এ সাদাকা বাধ্যতামূলক করা হয়েছে। একটি হলো রোযাকে ত্রুটিমুক্ত করা, অপরটি হলো গরীবদেরকে ঈদের আনন্দে শরীক করা।

মানুষের মধ্যে নানাবিধ দুর্বলতা রয়েছে, আল্লাহর হুকুম পালন করতে কতইনা ভুল-ত্রুটি হয়ে যায়। বান্দা দীর্ঘ একটি মাস রোযা পালন করেছে। এর মধ্যে স্বাভাবিকভাবেই কিছু ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। বান্দার এ ঘাটতি যাতে পূর্ণ হয়ে যায়, তাই ইসলাম বিকল্প ব্যবস্থা হিসেবে কিছু দান-সাদাকা করার নির্দেশ দিয়েছে।

অপরদিকে ঈদের দিনটি হচ্ছে মুসলিম জাতির এক চরম আনন্দের দিন। কিমুত যারা অর্ধাহারে অনাহারে কালযাপন করছে, আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে, তারা তাদের ছেলে-মেয়েদেরকে নিয়ে কী করে ঈদের আনন্দ উপভোগ করবে? মুসলিম সমাজের এই বৈষম্য দূর করার জন্য বিশেষ করে ঈদের দিনে গরীবদেরকে সাহায্য করে ঈদের আনন্দে তাদেরকে শরীক করার জন্য ইসলাম এই সুন্দর ব্যবস্থা দিয়েছে।