hadith book logo

ঈমানের স্বচ্ছ ধারণা

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯

কালিমা তাইয়্যিবার বিরোধিতা করার মুল কারণ

আসল ব্যাপার এই যে, এই কালিমার আওয়াজ যখনই যে দেশে (নূতন করে) উচ্চারিত হয়েছে, সে দেশের লোকেরা অমনি তা শুনে পরিস্কার বুঝতে পেরেছে, এর অর্থ এবং এর অন্তর্নিহিত ভাবধারা কী। তারা বুঝেছে, এ কালিমাকে সত্য বলে বিশ্বাস ও কবুল করলে এবং এ কালিমা অনুসারে নিজেদের জীবন ঢেলে তৈরী করলে কিংবা এ কালিমার শিক্ষা প্রচারিত ও প্রতিষ্ঠিত হতে পারলে কোথায় কোথায় আঘাত লাগে। কোন্ কোন্ স্বার্থ, বিশ্বাস বা নিয়ম-পদ্ধতিকে অসংকোচে পরিত্যাগ করে নূতন শিক্ষা নূতন বিশ্বাস ও নূতন নিয়ম-পদ্ধতি গ্রহণ করতে হয়। এ জন্যই আমরা দেখতে পাই যে, কোন সমাজে এ কালিমা উচ্চারিত ও প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই সে সমাজের লোকেরা নীতির দিক দিয়ে দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদল এ কালিমাকে বুঝেছে, অন্তর দিয়ে বিশ্বাস ও কবুল করেছে, মুখে উচ্চারণ ও প্রচার করেছে এবং সমগ্র জীবন দিয়ে জীবনের প্রত্যেকটি কর্মের ভিতর দিয়ে এ কালিমার আদর্শ বাস্তবায়ন করেছে, এর সত্যতা প্রমাণ করেছে।

আর একদল লোক কালিমার অর্থ বুঝেছে এবং বুঝে তাকে অংকুরেই বিনষ্ট করার জন্য, এর আওয়াজ অন্য কোন মানুষের কানে যেন না পৌছতে পারে সে জন্য নিজেদের সর্বশক্তি লাগিয়ে ও যথাসর্বস্ব ব্যয় করে চেষ্টা করেছে। এ দু'দলের মধ্যে যে লড়াই, তা নীতি ও আদর্শের লড়াই এবং এ লড়াইয়ের ইতিহাসই হচ্ছে কালিমা তাইয়্যিবার ইতিহাস। ইসলামের পরিভাষায় এই সংগ্রামকে বলা হয় “জিহাদ’ বা প্রচেষ্টা (Struggle)।