hadith book logo

ঈমানের স্বচ্ছ ধারণা

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৭

পূর্ণ মুসলিম কিভাবে হওয়া যায়?

মুসলিম হতে হলে যার প্রয়োজন সকলের আগে এবং যাকে বলা যায় মুসলিম হওয়ার পথের প্রথম ধাপ। একটু গভীরভাবে চিন্তা করে দেখি যে, আমরা সদাসর্বদা যে 'মুসলিম' শব্দটি ব্যবহার করে থাকি, এর অর্থ কী? মানুষ কি মায়ের গর্ভ হতেই ইসলাম ধর্ম সাথে করে নিয়ে আসে? মুসলিম ব্যক্তির পুত্র অথবা মুসলিম ব্যক্তির পৌত্র হলেই কি মুসলিম হওয়া যায়? ব্রাক্ষ্মণের পুত্র হলেই যেমন ব্রাহ্মণ, চৌধুরীর পুত্র হলেই যেমন চৌধুরী এবং শুদ্রের পুত্র হলেই যেমন শুদ্র হওয়া যায়, তেমনিরূপে মুসলিম নামধারী ব্যক্তির পুত্র হলেই কি মুসলিম হতে পারে? ‘মুসলিম’ কি কোন বংশ বা কোনো শ্রেণীর নাম? ইংরেজ জাতির মধ্যে জন্ম হলেই ইংরেজ, চৌধুরী বংশে জন্মিলেই চৌধুরী হয়, তেমনি মুসলিমরাও কি ‘মুসলিম' নামে অভিহিত হবে?

এসব প্রশ্নের উত্তরে আমরা কি এটাই বলবো না যে, ‘না’, ‘মুসলিম তাকে বলে না। মায়ের গর্ভ হতেই মুসলিম হয়ে কেউ জন্মে না, বরং ইসলাম গ্রহণ করলেই মুসলিম হওয়া যায় এবং ইসলাম ত্যাগ করলেই মানুষ আর মুসলিম থাকে না - মুসলিম সমাজ হতে একেবারে বের হয়ে যায়। যে কোনো লোক - সে ব্রাক্ষ্মণ হোক কিংবা পাঠান হোক, ইংরেজ হোক অথবা আমেরিকান, বাংগালী হোক অথবা নিগ্রো হোক - সে যখন ইসলাম গ্রহণ করবে তখনই সে মুসলিম হিসেবে গণ্য হবে। আর যে ব্যক্তি মুসলিম সমাজে জন্মগ্রহণ করেও ইসলামের নিয়ম-কানুন ও বিধি-বিধান পালন করে চলে না, সে মুসলিম রূপে গণ্য হতে পারে না; সে সৈয়দের পুত্রই হোক আর চৌধুরীর পুত্রই হোক তাতে কিছু আসে যায় না।

পূর্বোক্ত প্রশ্নগুলোর এ উত্তর হতেই জানা গেল যে, আল্লাহর বড় নিয়ামত -- মুসলিম হওয়ার নিয়ামত -- যা আমি লাভ করেছি, ওটা জন্মগত জিনিস নয়, তাকে আমি মায়ের গর্ভ হতে জন্ম হওয়ার সাথে সাথেই লাভ করতে পারি না এবং আজীবন এর প্রতি লক্ষ্য করি আর নাই করি তা আমার সাথে নিজে নিজেই সর্বদা লেগে থাকবে এমন জিনিসও তা নয়। এটা একটি চেষ্টালভ্য নিয়ামত; তা লাভ করতে হলে আমাকে রীতিমত চেষ্টা করতে হবে। চেষ্টা-সাধনা করে যদি আমি তা লাভ করি, তবেই তাকে আমি পেতে পারি। আর এর প্রতি যদি মোটেই খেয়াল না করি, তবে এর সৌন্দর্য হতে বঞ্চিত হবো (নাউযুবিল্লাহ)। অতএব, প্রমাণিত হলো যে, ইসলাম গ্রহণ করলেই মানুষ মুসলিম হয়। কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করলে মানুষ ঈমানদার হয় এবং আল কুরআন ও সুন্নাহর প্রত্যেকটা বিধান মেনে চললে মুসলিম হয়।