hadith book logo

ঈমানের স্বচ্ছ ধারণা

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৮

ইসলাম গ্রহণ করার অর্থ কী?

মুখে মুখে যে ব্যক্তি ‘আমি মুসলিম’ বা ‘আমি মুসলিম হয়েছি বলে চীৎকার করবে, তাকেই কি মুসলিম মনে করতে হবে? অথবা পূজারী ব্রাক্ষ্মণেরা যেমন না বুঝে কতকগুলো সংস্কৃত মন্ত্র পাঠ করে, তেমনিভাবে আরবী ভাষায় কয়েকটি শব্দ না বুঝে মুখে উচ্চারণ করলেই কি মুসলিম হওয়া যাবে? ইসলাম গ্রহণ করার তাৎপর্য কি এটাই? উক্ত প্রশ্নের জবাবে আমরা কি এটাই বলবো না যে, ইসলাম গ্রহণের অর্থ এটা নয়। ইসলাম গ্রহণ করার অর্থ হচ্ছে মুহাম্মাদ (ﷺ) - এর শিক্ষা-দীক্ষা ও ব্যবস্থাকে বুঝে আন্তরিকতার সাথে সত্য বলে বিশ্বাস করা, জীবনের একমাত্র উদ্দেশ্য ও আদর্শ হিসেবেই এটাকে গ্রহণ করা এবং তদনুযায়ী কাজ করা; ইসলাম গ্রহণ করার তাৎপর্য এটাই। কাজেই যিনি এরূপ না করবে তিনি মুসলিম হতে পারার কথা নয়। আমাদের এ উত্তর হতে এটাই প্রকাশ পেল যে, প্রথমত ইসলাম জেনে ও বুঝে নেয়া এবং বুঝে নেয়ার পর তাকে কাজে পরিণত করার নাম ইসলাম গ্রহণ।

কেউ কিছু না জেনেও ব্রাক্ষ্মণ হতে পারে, কারণ সে ব্রাক্ষ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে, অতএব সে ব্রাক্ষ্মণ থাকবে, কেউ কিছু না জেনেও চৌধুরী হতে পারে, যেহেতু সে চৌধুরীর ঘরে জন্মগ্রহণ করেছে - চৌধুরীই সে থাকবে। কিন্তু ইসলামকে না জেনে কেউ মুসলিম হতে পারে না, ইসলামকে জেনে বুঝে বিশ্বাস করে কাজ করলেই তবে মুসলিম হওয়া যায়। চিন্তা করে দেখি মুহাম্মাদ (ﷺ) - এর শিক্ষা ও জীবনব্যবস্থা না জেনে তাকে বিশ্বাস করা ও তদনুযায়ী কাজ করা কিরূপে সম্ভব হতে পারে? আর না জেনে, না বুঝে এবং বিশ্বাস না করে বা মানুষ মুসলিম হতে পারে কিরূপে? অতএব, বুঝা যাচ্ছে যে, মুগ্ধতা নিয়ে মুসলিম হওয়া ও মুসলিম থাকা কিছুতেই সম্ভব নয়। যারা মুসলিমের ঘরে জন্মলাভ করেছে, মুসলিম নামে যারা নিজেদের পরিচয় দেয় ও মুসলিম বলে দাবী করে তারা সকলেই প্রকৃতপক্ষে মুসলিম কিনা তা চিন্তার বিষয়! যিনি ইসলাম কী তা জানেন এবং বুঝে শুনে তাকে সত্য বলে বিশ্বাস করেন, এবং সেই অনুযায়ী কাজ করেন প্রকৃতপক্ষে তিনিই মুসলিম।