hadith book logo

ঈমানের স্বচ্ছ ধারণা

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯২

তাগুতের সারকথা

আল্লাহ মানুষ ও জিনকে আল্লাহর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ সূরা আয যারিয়াত (৫১)-এর ৫৬ নং আয়াতে ঘোষণা করেন,

وما خلقت الجن والإنس إلا ليعبدون

“আমি জিন ও ইনসানকে আমার দাসত্ব করা ছাড়া আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি।”

এ কথার একটি মর্ম হলো, আল্লাহ শুধু তাঁরই দাসত্ব করার জন্য তাদেরকে সৃষ্টি করেছেন, আর কারো দাসত্ব করার জন্য নয়। তাই যারা আল্লাহর দাসত্বের বদলে কোনো সৃষ্টির দাসত্ব করে, তারা নিজেদেরকেই হেয় করে এবং মানুষ হিসেবে মর্যাদা হারায়-তারা পশুর পর্যায়ে গণ্য হয়।

ঐ কথাটির অপর মর্ম হলো, যারা আল্লাহর দাসত্ব করার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রভুত্ব করার অপচেষ্টা চালায় তারাই তাগুতে পরিণত হয়। তারা আল্লাহর বান্দাদেরকে তাদের বান্দা বানায়। শাসন-শক্তি, রিক বন্ধ করে দেয়ার ভয় দেখানোর শক্তি ও অন্ধ আনুগত্যের দাবিদার শক্তি হিসেবে তারা আল্লাহর বান্দাদের উপর প্রভুত্ব প্রতিষ্ঠা করে চরম সীমালঙ্ঘনকারীতে পরিণত হয়।

এসব শক্তি আল্লাহর দাসত্ব করা থেকে মানুষকে ফিরিয়ে রাখে এবং তাদের দাসত্ব করতে বাধ্য করে। তাই আল্লাহর দাসত্ব করতে হলে এসব শক্তিকে মানতে অস্বীকার করার সাহস থাকতে হবে। এ সাহস যাদের নেই তারা আল্লাহর প্রতি ঈমানের দাবিদার হলেও পদে পদে তাগুতের নিকট পরাজিত হতে থাকবে। সূরা আনকাবূত (২৯)-এর প্রথম আয়াতেই আল্লাহ বলেনঃ “মানুষ কি মনে করে যে, আল্লাহর প্রতি ঈমান এনেছি বললেই তাদেরকে বিনা পরীক্ষায় ছেড়ে দেয়া হবে?”

ঈমানের পরীক্ষা আসে তাগুতের মাধ্যমে। তাগুতকে অমান্য করার সিদ্ধান্ত না থাকলে পরীক্ষায় অবশ্যই ফেল করবো।