hadith book logo

ঈমানের স্বচ্ছ ধারণা

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৫

এক প্রকারের মুসলিম:

এক ধরনের মুসলিম দেখা যায় যারা আল্লাহ ও রসূল (ﷺ) -কে স্বীকার করে ইসলামকে শুধু একটি ধর্ম হিসেবে মেনে নেয়; কিন্তু এ ধর্ম নিজেদের সামগ্রিক জীবনের শুধু একটি অংশ বা একটি বিভাগের মর্যাদাই দেয়, তার অধিক নয়। ফলে এ বিশেষ অংশ ও বিভাগে ইসলামের প্রতি বিশ্বাস পূর্ণ মাত্রায় স্থাপন করা হয়। ইবাদত-বন্দেগীর অনুষ্ঠানসমূহ যথারীতি পালন করা হয়। তাসবীহ পাঠ ও যিকির-আযকার করা হয়। পানাহার ও কোনো কোনো সামাজিক ব্যাপারে পরহেযগারীও অবলম্বন করা হয়; গতানুগতিক ধর্ম পালন বলতে যা করণীয় তা প্রায় সবই করা হয়।

কিন্তু এ অংশ ও বিভাগ ছাড়া জীবনের অন্যান্য দিকে ও বিভাগে মুসলিমদের কাজসমূহ করার কোনো সুযোগই দেয়া হয় না; সেখানে ভালোবাসা হলে তা হয় নিজের প্রতি, নিজ স্বার্থের প্রতি, দেশ ও জাতি কিংবা অন্য কোনো জিনিসের প্রতি আর শত্রুতা বা যুদ্ধ করলেও তা করা হয় অনুরূপ কোনো বৈষয়িক স্বার্থের জন্য। তাদের লেনদেন, তাদের কাজকর্ম, সম্পর্ক-সম্বন্ধ, তাদের সন্তান-সন্ততি, বংশ-পরিবার, দেশ ও সমাজ এবং অন্যান্য লোকের সাথে ব্যবহার ইত্যাদি সবই হয়ে থাকে দ্বীন ইসলামকে সম্পূর্ণ বাদ দিয়ে নিছক বৈষয়িক দৃষ্টিতে। ব্যবসায়ী, শাসনকর্তা, সৈনিক যে যাই হোক না কেন, প্রত্যেকেই একজন স্বাধীন পেশাদার হিসেবে কাজ করে, মুসলিম হিসেবে নয়। এ দিক দিয়ে মুসলিমদেরকে বিন্দুমাত্র স্থান দেয় না। তারা মিলিত ও সমষ্টিগতভাবে যে কালচার, শিক্ষামূলক ও রাজনৈতিক কর্মতৎপরতায় অংশগ্রহণ করে তার উপর তাদের মুসলিমদের আংশিক প্রভাব পড়লেও তার সাথে ইসলামের কোনোই সম্পর্ক স্থাপিত হয় না।