hadith book logo

ঈমানের স্বচ্ছ ধারণা

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫০

মুসলিম হওয়া ও মুসলিম থাকা

ইলম বা জ্ঞানের উপরই আমাদের ও আমাদের সন্তান-সন্ততির মুসলিম হওয়া ও মুসলিম থাকা একান্তভাবে নির্ভর করে। এটা সাধারণ বস্তু নয়, একে অবহেলাও করা যায় না। কৃষক তার ক্ষেত-খামারের কাজে অলসতা করে না, ক্ষেতে পানি দিতে এবং ফসলের হিফাযত করতে গাফলতি করে না, গরু-বাছুরগুলোকে ঘাস-কুটা দিতে অবহেলা করে না। কারণ এসব ব্যাপারে অলসতা করলে তার বৈষয়িক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু মুসলিম হওয়া ও মুসলিম থাকা যে জ্ঞানের উপর নির্ভর করছে, তা লাভ করতে মানুষ কেন এত অবহেলা করছে? এতে কি ঈমানের মত অতি প্রিয় ও মূল্যবান নিয়ামত নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই? ঈমান কি প্রাণ অপেক্ষাও প্রিয় নয়? মুসলিমগণ প্রাণ রক্ষার ব্যাপারে যতটা সময় ব্যয় ও পরিশ্রম করে, এর দশ ভাগের এক ভাগও কি ঈমান রক্ষার কাজে ব্যয় করতে পারে না?

আমরা প্রত্যেকে এক একজন স্কলার হবো, বড় বড় বই পড়ে এবং জীবনের দশ বারোটি বছর কেবল পড়াশুনার কাজে ব্যয় করে মস্তবড় একজন পন্ডিত হবো, এমন কথা বলা হচ্ছে না। মুসলিম হওয়ার জন্য স্কলার হওয়া বা মাদ্রাসায় যাওয়া বা বড় কোনো ডিগ্রী লাভ করার কোনো আবশ্যকতা নেই। আমরা রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র এক ঘন্টা সময় authentic source থেকে দ্বীনি জ্ঞান (ইসলামী বিদ্যা) শিখার কাজে ব্যয় করি। অন্ততপক্ষে প্রত্যেক মুসলিম বালক, যুবক, বৃদ্ধ সকলেরই এতটুকু ইলম বা জ্ঞান অর্জন করা দরকার, যা হতে তারা কুরআন নাযিল হওয়ার উদ্দেশ্য জানতে পারবে, তা ভালরূপে বুঝতে পারবে, তা ভালরূপে বুঝতে ও হৃদয়ঙ্গম করতে পারবে। আর মুহাম্মাদ (ﷺ) যেসব অন্যায় কুসংস্কার দূর করতে এবং সেই স্থানে যা স্থাপন করতে এসেছিলেন, তাও উত্তমরূপে জানতে পারবে এবং আল্লাহ মানুষের জীবনযাপনের জন্য যে বিশেষ নিয়ম-বিধান নির্দিষ্ট করে দিয়েছেন তার সাথে তারা ভাল করে পরিচিত হতে পারবে। এটুকু জ্ঞান অর্জন করার জন্য খুববেশী সময়ের দরকার পরে না, আর ঈমান যদি বাস্তবিকই কারো প্রিয় বস্তু হয়, তবে এ কাজে একটা ঘন্টা ব্যয় করা তার পক্ষে এতটুকুও কঠিন কাজ নয়।