hadith book logo

ঈমানের স্বচ্ছ ধারণা

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৫

কেউ কাউকে ভুল না বুঝি

একথা মনে করার কোন কারণ নেই যে, এই আলোচনায় মুসলিমকে কাফির বলা হচ্ছে, কারণ তা কখনও উচিত নয়। আমরা চাই যে, আমাদের সমাজের প্রত্যেকেই এ সম্বন্ধে চিন্তা করুক। আমরা আল্লাহর রহমত হতে বঞ্চিত হচ্ছি। কেন, চারিদিক হতে আমাদের উপর কেন এ বিপদরাশি এসে পড়ছে? যাদেরকে আমরা কাফির’ অর্থাৎ আল্লাহর অবাধ্য বান্দা মনে করি, তারা আমাদের উপর সকল ক্ষেত্রে বিজয়ী কেন? আর আমরা যারা আল্লাহর আদেশ পালনকারী বলে দাবী করি, তারাই বা সব জায়গায় পরাজিত কেন? এর কারণ সম্বন্ধে আমরা যতই চিন্তা করি, ততই আমাদের দৃঢ় বিশ্বাস জন্মে যে, আমাদের ও কাফিরদের প্রতি বর্তমানে শুধু নামেই পার্থক্য রয়ে গিয়েছে। কার্যত আমরা আল্লাহর প্রতি অবহেলা, ভয়হীনতা এবং অবাধ্যতা দেখাতে কাফিরদের অপেক্ষা কিছুমাত্র পিছনে নেই। তাদের ও আমাদের মধ্যে সামান্য কিছু প্রভেদ অবশ্যই আছে, কিন্তু তার জন্য আমরা কোনোরূপ প্রতিদান বা পুরষ্কারের আশা করতে পারি না, বরং সে জন্য আমরা অধিক শাস্তি পাওয়ার যোগ্য।

কেননা আমরা জানি যে, কুরআন আল্লাহর কিতাব, অথচ আমরা এর সাথে কাফিরের ন্যায়ই ব্যবহার করছি। আমরা জানি, মুহাম্মাদ প্ৰকৃত, শ্রেষ্ঠ ও শেষ নবী, অথচ তাঁর অনুসরণ করা আমরা কাফিরদের মতই ত্যাগ করেছি। আমরা জানি যে, মিথ্যাবাদীর প্রতি আল্লাহ লানত করেছেন এবং ঘুষখোরদের ও ঘুষদাতা উভয়ই নিশ্চিতরূপে কবিরাহ গুনাহ করছে বলে ঘোষণা করেছেন, সুদখোর ও সুদদাতাকে জঘন্য পাপী বলে অভিহিত করেছেন। চোগলখুরী ও গীবতকারীকে আপন ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন, অশ্লীলতা ও লজ্জাহীনতার জন্য কঠিন শাস্তির ভয় দেখিয়েছেন। কিন্তু এ সমস্ত কথা জানার পরও আমরা কাফিরদের মতোই বেপরোয়াভাবে এসব কাজ করে যাচ্ছি। মনে হয়, যেন আমাদের মধ্যে আল্লাহর ভয় মাত্রই নেই। এজন্য কাফিরদের তুলনায় আমরা কিছুটা মুসলিম হয়ে থাকলেও আমাদের জীবনে তার কোনো প্রতিফলন আমরা পাচ্ছি না; বরং কেবল শাস্তিই পাচ্ছি -- নানাভাবে এবং নানাদিক দিয়ে। আমাদের উপর কাফিরদের জয়লাভ এবং সর্বত্র আমাদের পরাজয় এ অপরাধেরই শাস্তি। ইসলাম নামক এক মহা নিয়ামত আমাদেরকে দেয়া হয়েছে, অথচ আমরা তার বিন্দুমাত্র কদর করছি না, এটা অপেক্ষা বড় অপরাধ আর কী হতে পারে?