hadith book logo

ঈমানের স্বচ্ছ ধারণা

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৬

প্রকৃত মুসলিম হওয়ার জন্য সর্বপ্ৰথম শর্ত কী?

মুসলিদের প্রকৃত মুসলিম হবার জন্য সর্বপ্রথম একান্ত দরকার হচ্ছে খাটি ইসলামী শিক্ষা ও ইসলাম সম্বন্ধে প্রকৃত জ্ঞান। আল কুরআনের শিক্ষা কী? রসূল (ﷺ) -এর প্রদর্শিত পথ কী? ইসলাম কাকে বলে? কুফর ও ইসলামের মধ্যে পার্থক্য কোন বিষয়ে? কিন্তু দুঃখের বিষয়, আমরা সেই জ্ঞান অর্জন করতে কোনোই চেষ্টা করি না। এটা হতে বুঝা যায় যে, আমরা যে কত বড় নিয়ামত ও রহমত হতে বঞ্চিত, সে কথা এখন পর্যন্ত আমরা বুঝতে পারিনি। শিশু কেঁদে না ওঠলে মা-ও তাকে দুধ দেয় না, পিপাসু ব্যক্তি পিপাসা বোধ করলেই নিজেই পানির সন্ধান করে, আল্লাহ-ও তাকে পানি মিলিয়ে দেন। মুসলিমদের নিজেদেরই যদি পিপাসা না থাকে, তবে পানি ভরা কূপ তাদের মুখের কাছে। আসলেও তাতে কোনো লাভ নেই। ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকা কত বড় এবং কত ভীষণ ক্ষতি তা আমাদের নিজেদেরই অনুধাবন করা উচিত।

আল্লাহর কিতাব আমাদেরই কাছে আছে, অথচ সলাতে আমরা আল্লাহর কাছে কী প্রার্থনা করি, তা আমরা জানি না, এটা অপেক্ষা দুর্ভাগ্যের কথা আর কী হতে পারে? যে ‘কালিমা পাঠ করে আমরা ইসলামে প্রবেশ করি, এর অর্থ পর্যন্ত আমরা জানি না। এ কালিমা পাঠ করার সাথে সাথে আমাদের উপর কী কী দায়িত্ব এসে পড়ে তাও জানি না। বস্তুত একজন মুসলিমের পক্ষে এতদপেক্ষা ক্ষতি ও দুর্ভাগ্যের বিষয় আর কিছুই হতে পারে না। ব্যবসা-বাণিজ্যে ক্ষতি হলে পরিণাম যে কী, তা সকলেই জানে। চাকুরী হারালে অর্থনৈতিক ক্ষতি হবে তাতে কারো সন্দেহ নেই। কিন্তু ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকার পরিণাম যে কত ভীষণ ও ভয়াবহ, সেই কথা আমরা অনুভব করতে পারি না। কিন্তু এ ক্ষতির কথা যখন আমরা অনুভব করতে পারবো, তখন আমরা নিজেরাই এ ভীষণ ক্ষতির কবল হতে বাঁচতে সচেষ্ট হবো, তখন ইনশাআল্লাহ আমাদেরকে এ ক্ষতি হতে বাঁচাবার ব্যবস্থাও করা হবে।