hadith book logo

উসমান (রাঃ) রাঃ সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ মূল আহমাদ আব্দুল আলি তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

৫. উসমান (রাঃ)-এর ইসলাম গ্রহণ

উসমান ইবনে আফফান (রাঃ) -এর ইসলাম গ্রহণের ব্যাপারে বহুল প্রচলিত একটি ঘটনা আছে। আর তা হলো- তিনি যখন জানতে পারলেন যে, মুহম্মদ-এর মেয়ে রুকাইয়াকে তিনি আবু লাহাবের ছেলের সঙ্গে বিবাহ দিচ্ছেন, তখন উসমান (রাঃ) খুবই লজ্জিত হলেন। কেননা নবীর মেয়ের সাথে পারিবারিক মর্যাদা ও চারিত্রিক গুণাবলির দিক থেকে ছেলেটি মোটেও তার সমকক্ষ নয়। অতঃপর তিনি চিন্তিত অবস্থায় পরিবার-পরিজনের কাছে প্রবেশ কলেন। আর সেখানে তিনি তার খালা সা'দী বিনতে কুরাইযকে পেলেন যিনি অত্যন্ত সুচতুর, জ্ঞানী ও অভিজ্ঞ। তিনি তার কাছে আনন্দ প্রকাশ করলেন। আর তাকে এমন এক নবী (ﷺ) আত্মপ্রকাশের সংবাদ দিলেন, যিনি মূর্তি পূজাকে বাতিল বলেছেন। যিনি একক সত্ত্বা তথা আল্লাহর দিকে আহবান করেছেন। আর তিনি তাকে এ নবীর দ্বীনে আকৃষ্ট করলেন। উসমান (রাঃ) বলেন, আমি আমার খালার কথাগুলি ভাবতে ভাবতে ঘর থেকে বের হলাম। অতঃপর আমি আবু বকর (রাঃ) -এর সাথে সাক্ষাত করলাম আর আমার খালা যা কিছু বলেছেন, তা আমি তার কাছে বর্ণনা করলাম। তখন আবু বকর (রাঃ) বললেন, আল্লাহর শপথ! হে উসমান! তোমাকে যে ব্যাপারে তিনি সংবাদ দিয়েছেন তা অবশ্যই সত্য। আর হে উসমান! তুমি তো অবশ্যই একজন জ্ঞানী ও প্রত্যয়ী ব্যক্তি। তোমার কাছে কোনো সত্য বিষয় গোপন নয় আর তোমার নিকট সত্য বিষয় মিথ্যার সাথে মিশ্রিত নয়। উসমান (রাঃ) বললেন, অতঃপর আবু বকর (রাঃ) আমাকে বলেন এটা সে মূর্তি যার উপাসনা করে আমাদের সম্প্রদায়ের লোকেরা। এটা নির্জীব বোবা পাথর ছাড়া আর কিছু নয়। সে কিছুই শোনে না এবং কিছুই দেখে না। উসমান (রাঃ) বলেন, আমি বললাম হ্যা।

অতঃপর আবু বকর (রাঃ) বললেন, হে উসমান! তুমি এ বিষয়ে চিন্তা করে দেখ। যে বিষয়ে তোমার খালা তোমাকে সংবাদ দিয়েছেন। আল্লাহ তায়ালা তার রাসূলকে মানুষের সঠিক পথের দিশা দানের জন্য সত্য সহকারে প্রেরণ করেছেন। উসমান (রাঃ) বলেন, আমি বললাম, সে কে? আবু বকর (রাঃ) আমাকে বললেন, তিনি তো মুহম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। উসমান (রাঃ) বলেন, আমি বললাম, হে আবু বকর! আপনি কি আমাকে তার সাথী করে দিতে পারেন? আবু বকর (রাঃ) বললেন হ্যা। উসমান (রাঃ) বলেন, অতঃপর আমরা নবী (ﷺ)-এর কাছে গেলাম। রাসূল (ﷺ) যখন দেখলেন তখন তিনি আমাকে বললেন, হে উসমান! আল্লাহর পথে আহবানকারীর আহবানে সাড়া দাও। আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল (ﷺ) হিসেবে প্রেরিত হয়েছি। উসমান (রাঃ) বলেন, আমি তার কথা শুনলাম এবং তার রিসালাতকে সত্য হিসেবে মেনে নিয়ে ঘোষণা দিলাম, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই আর মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল।

(আল খুলাফাউর রাশিদীন লি মুস্তফা মুরাদ পৃঃ ৪১১, ৪১২)