hadith book logo

সূরা আলে ইমরান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০১

আয়াত : ১৮৫ মৃত্যুর ব্যাপারে সতর্কবাণী

كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ الْمَوْتِؕ وَاِنَّمَا تُوَفَّوْنَ اُجُوْرَكُمْ يَوْمَ الْقِيَامَةِؕ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَاُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَؕ وَمَا الْحَيَاةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ (১৮৫)

শাব্দিক অনুবাদ

১৮৫. كُلُّ প্রত্যেক نَفْسٍ প্রাণীই ذَآئِقَةُ স্বাদ গ্রহণকারী اَلْمَوْتِ মৃত্যুর। وَاِنَّمَا আর অবশ্যই تُوَفَّوْنَ মিটিয়ে দেয় হবে اُجُوْرَكُمْ তোমাদের পূর্ণ প্রতিদানসমূহ يَوْمَ الْقِيَامَةِ কিয়ামতের দিন; فَمَنْ অতএব যে ব্যক্তিকে زُحْزِحَ দূরে রাখা হয়েছে عَنِ হতে اَلنَّارِ আগুন وَاُدْخِلَ এবং প্রবেশ করানো হয়েছে اَلْجَنَّةَ জান্নাতে, فَقَدْ প্রকৃতপক্ষে فَازَ সেই সফলকাম। وَمَا আর কিছুই নয় اَلْحَيَاةُ জীবন اَلدُّنْيَا পার্থিব اِلَّا ছাড়া مَتَاعُ সম্পদ اَلْغُرُوْرِ প্রতারণার।

সরল অনুবাদ

১৮৫. প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণকারী। আর কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেয়া হবে; অতএব যে ব্যক্তিকে (জাহান্নামের) আগুন হতে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, প্রকৃতপক্ষে সেই সফলকাম। (জেনে রেখো) পার্থিব জীবন (কেবলমাত্র) প্রতারণার সম্পদ ছাড়া আর কিছুই নয়। [এখানে দুনিয়ার জীবন সম্পর্কে একটি চরম সত্য উপস্থাপন করা হয়েছে। আর তা হলো- দুনিয়াতে জীবনটা হচ্ছে একটি প্রতারণার ফাঁদস্বরপ। এর প্রতিটি কোণায় শয়তান মানুষের জন্য এমন ফাঁদ পেতে বসে রয়েছে- যাতে করে মানুষেরা এতে আটকা পড়ে জাহান্নামের জন্য উপযুক্ত হয়ে যায়। আর এই ফাঁদগুলো এতই সূক্ষ্ম যে, এ ব্যাপারে জানা সাধারণভাবে যে কোন মানুষের পক্ষে খুবই কঠিন। তবে যারা যথাযথভাবে ঈমান আনয়ন করেছে এবং বিশেষভাবে আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হয়েছে, একমাত্র তারাই এই ফাঁদগুলো থেকে বেঁচে থাকতে সক্ষম। অপরদিকে আল্লাহ তা‘আলা এগুলোকে মানুষের পরীক্ষা করার উপকরণ হিসেবে গ্রহণ করে শয়তানকে অবকাশ দিয়েছেন। যার কারণ দুনিয়ার বাহ্যিক ফলাফলের উপর ভিত্তি করে কারো পরকালের ফলাফল নির্ণয় করা কোন মানুষের জন্য বৈধ নয়। সুতরাং দুনিয়াতে কারো ভালো অবস্থা অবলোকন করেই নিশ্চিতভাবে এ কথা বলা যাবে না যে, সে সত্যের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং তার কর্মসমূহ আল্লাহর কাছে গৃহীত হয়েছে। কেননা প্রকৃত ঈমানদারগণ দুনিয়ার ঐশ্বর্যকে পরিহার করে চলতেই অধিক পছন্দ করে। অনুরূপভাবে দুনিয়াতে কারো খারাপ অবস্থা অবলোকন করেই নিশ্চিতভাবে এ কথা বলা যাবে না যে, সে মিথ্যার উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং তার আমলসমূহ আল্লাহর কাছে পরিত্যাজ্য। কেননা অধিকাংশ মুমিন বান্দাই দুনিয়ার জীবন খুবই দুঃখ-কষ্টের মধ্যে অতিবাহিত করে। বরং প্রতিটি মানুষ তাদের কর্মফল পরকালে প্রাপ্ত হবে। দুনিয়াতে কেউ যদি ভালো কর্ম করে থাকে, তাহলে সেদিন সে উত্তম প্রতিদান হিসেবে জান্নাতে প্রবেশ করবে; পক্ষান্তরে কেউ যদি মন্দ কর্ম করে থাকে, তাহলে সেদিন সে মন্দ প্রতিদান হিসেবে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। (দুনিয়ার জীবন সম্পর্কে বিস্তারিত জানার জন্য পড়ুন আমাদের বই ‘‘দুনিয়ার জীবন’’)]

আয়াতের শিক্ষা

প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকেই পরিপূর্ণ প্রতিদান দেয়া হবে।

জান্নাত লাভকারী ব্যক্তিরাই প্রকৃত সফলকাম হিসেবে বিবেচিত হবে।

পার্থিব জীবন প্রতারণার ফাঁদ ছাড়া আর কিছুই নয়।

পার্থিব জীবনের প্রতারণার ফাঁদ থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে।