hadith book logo

সূরা আলে ইমরান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

আয়াত : ২০ কাফিরদের সাথে বিতর্কে লিপ্ত হলে করণীয়

فَاِنْ حَآجُّوْكَ فَقُلْ اَسْلَمْتُ وَجْهِيَ لِلّٰهِ وَمَنِ اتَّبَعَنِؕ وَقُلْ لِّلَّذِيْنَ اُوْتُوا الْكِتَابَ وَالْاُمِّيِّيْنَ اَاَسْلَمْتُمْؕ فَاِنْ اَسْلَمُوْا فَقَدِ اهْتَدَوْاۚ وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُؕ وَاللهُ بَصِيْرٌ ۢبِالْعِبَادِ (২০)

শাব্দিক অনুবাদ

২০. فَاِنْ সুতরাং যদি حَآجُّوْكَ তারা তোমার সাথে বিতর্কে লিপ্ত হয় فَقُلْ তাহলে তুমি বলে দাও اَسْلَمْتُ আমি সমর্পণ করেছি وَجْهِيَ আমার চেহারাকে لِلّٰهِ আল্লাহর জন্য وَمَنِ اتَّبَعَنِ এবং যারা আমার অনুসরণ করেছে। وَقُلْ আর বলো, لِلَّذِيْنَ যাদেরকে اُوْتُوا দেয়া হয়েছিল اَلْكِتَابَ কিতাব وَالْاُمِّيِّيْنَ এবং নিরক্ষরদেরকে اَاَسْلَمْتُمْ তোমরা কি আত্মসমর্পণ করেছ? فَاِنْ অতঃপর যদি اَسْلَمُوْا তারা আত্মসমর্পণ করে فَقَدِ اهْتَدَوْا তাহলে তারা হেদায়াত পাবে। وَاِنْ আর যদি تَوَلَّوْا তারা মুখ ফিরিয়ে নেয় فَاِنَّمَا عَلَيْكَ তবে তোমার দায়িত্ব হচ্ছে اَلْبَلَاغُ পৌঁছে দেয়া। وَاللهُ আর আল্লাহ بَصِيْرٌ পূর্ণ দৃষ্টিবান بِالْعِبَادِ বান্দাদের প্রতি।

সরল অনুবাদ

২০. সুতরাং যদি তারা তোমার সাথে (ইসলাম সম্পর্কে কোনরূপ) বিতর্কে লিপ্ত হয় তাহলে তুমি (তাদেরকে) বলে দাও, আমি আমার চেহারাকে (অর্থাৎ নিজেকে) আল্লাহর কাছে সমর্পণ করেছি এবং যারা আমার অনুসরণ করেছে তারাও (তাদের চেহারাকে আল্লাহর কাছে সমর্পণ করেছে)। [এখানে ইসলাম বিরুধীদের সাথে বিতর্কে লিপ্ত হওয়ার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়েছে। আর তা হলো- যদি কখনো তোমরা এমন কারো সাথে বিতর্কে লিপ্ত হও, যে ব্যক্তি বিতর্কে হারলেও ইসলাম গ্রহণ করার মতো নয় অথবা যে ব্যক্তি বিতর্কের যোগ্য নয় অথবা যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে এমন এমন যুক্তি প্রদান করে, যার উত্তর প্রদানের সক্ষমতা তোমার কাছে নেই, তাহলে তোমার উচিত হবে চুপ থাকা এবং তাকে এড়িয়ে চলা।] আর যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদেরকে এবং নিরক্ষরদেরকে বলো, তোমরা কি (নিজেদেরকে) সমর্পণ করেছ? অতঃপর যদি তারা সমর্পণ করে, তাহলে তারা হেদায়াত পাবে। [অর্থাৎ আমি ও আমার অনুসারীরা তো সেই নির্ভেজাল ইসলামের স্বীকৃতি দিয়েছি, যেটি আল্লাহর আসল দ্বীন ও জীবনবিধান। এখন তোমরা বলো, তোমরা ও তোমাদের পূর্বপুরুষরা দ্বীনের মধ্যে যে পরিবর্তন সাধন করেছ তা বাদ দিয়ে এই আসল ও প্রকৃত দ্বীনের দিকে কি তোমরা ফিরে আসবে?] আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তোমার দায়িত্ব হচ্ছে (আল্লাহর বাণীসমূহ) কেবল পৌঁছে দেয়া। [এখানে রাসূল ও তার উত্তরসূরী তথা দাঈদের প্রধান দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর তা হলো- আল্লাহর দ্বীনকে নিজেদের সাধ্যমতো মানুষের মধ্যে প্রচার করা। এ কাজ করতে গিয়ে কখনো বাড়াবাড়ি বা সীমালঙ্ঘন করা যাবে না। সুতরাং কেউ যদি এই দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে বুঝতে হবে যে, আল্লাহ তা‘আলা তাকে এখনো হেদায়াত প্রদান করেননি।] আর আল্লাহ বান্দাদের প্রতি পূর্ণ দৃষ্টিবান।

আয়াতগুলো থেকে প্রাপ্ত শিক্ষা

১. সত্যের পথে দাওয়াত দেয়া রাসূলুল্লাহ ﷺ এর প্রত্যেক অনুসারীর ওপর আবশ্যক।

২. সর্বদা বিতর্ক সৃষ্টিকারী লোকদেরকে এড়িয়ে চলা উচিত।

৩. নিজেদেরকে আল্লাহর দিকে আত্মসমর্পণ করলে হেদায়াত পাওয়া যাবে।

৪. কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করা বৈধ নয়।

৫. রাসূলুল্লাহ ﷺ ও তার অনুসারী তথা দাঈদের দায়িত্ব হচ্ছে কেবল পৌঁছে দেয়া।