hadith book logo

সূরা আলে ইমরান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯০

আয়াত : ১৬৪ রাসূল প্রেরণ করা আল্লাহর একটি অন্যতম অনুগ্রহ

لَقَدْ مَنَّ اللهُ عَلَى الْمُؤْمِنِيْنَ اِذْ بَعَثَ فِيْهِمْ رَسُوْلًا مِّنْ اَنْفُسِهِمْ يَتْلُوْ عَلَيْهِمْ اٰيَاتِه وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَۚ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِيْ ضَلَالٍ مُّبِيْنٍ (১৬৪)

শাব্দিক অনুবাদ

১৬৪. لَقَدْ নিশ্চয় مَنَّ অনুগ্রহ করেছেন اَللهُ আল্লাহ عَلَى উপর اَلْمُؤْمِنِيْنَ মুমিনদের, اِذْ যখন بَعَثَ তিনি প্রেরণ করেছেন فِيْهِمْ তাদের কাছে رَسُوْلًا একজন রাসূল مِنْ اَنْفُسِهِمْ তাদের নিজেদেরই মধ্য হতে, يَتْلُوْ সে পাঠ করে عَلَيْهِمْ তাদের নিকট اٰيَاتِه  তাঁর আয়াতসমূহ, وَيُزَكِّيْهِمْ আর তাদেরকে পবিত্র করে وَيُعَلِّمُهُمُ এবং তাদেরকে শিক্ষা দান করে اَلْكِتَابَ কিতাব وَالْحِكْمَةَ ও বিজ্ঞান وَاِنْ আর যদিও كَانُوْا তারা ছিল مِنْ قَبْلُ ইতিপূর্বে لَفِيْ ضَلَالٍ ভ্রান্তির মধ্যে مُبِيْنٍ প্রকাশ্য।

সরল অনুবাদ

১৬৪. নিশ্চয় আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন, যখন তিনি তাদের নিজেদেরই মধ্য হতে তাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছেন। [এখানে আল্লাহ তা‘আলা রাসূলুল্লাহ (সাঃ)-কে মানুষ হিসেবে প্রেরণ করাটাকে অনুগ্রহ হিসেবে সাব্যস্ত করেছেন। আর প্রকৃতপক্ষেই এটি আল্লাহর পক্ষ হতে মানুষের জন্য- বিশেষ করে মুমিনদের জন্য একটি বিরাট অনুগ্রহ। কেননা- (১) তিনি যদি মানুষ না হয়ে অন্য কোন জাতি হতে তথা ফেরেশতা অথবা জীনদের মধ্য হতে হতেন, তাহলে তাঁর পক্ষে মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ত। কিন্তু তিনি মানুষ হওয়াতে এ কাজটি অনেক সহজ হয়ে যায়। (২) তিনি যদি একই জাতিভুক্ত না হতেন, তাহলে মানুষ তার সাথে উঠাবসা করত না এবং তার কথা মূল্যায়ন করতো না। ফলে দাওয়াতী কাজ করাটা তার জন্য আরো জটিল হয়ে যেতো। (৩) তিনি যদি মানুষ না হয়ে অন্য কোন জাতির মধ্য হতে হতেন, তাহলে রাসূল প্রেরণের অনেক উদ্দেশ্যই বাস্তবায়ন হতো না এবং তার মধ্যে এমন কিছু গুণাবলির অভাব দেখা দিত, যা দাওয়াতের জন্য অতি প্রয়োজনীয়। এজন্যই আল্লাহ তা‘আলা দুনিয়াতে যত নবী প্রেরণ করেছেন, সকলকে মানুষ হিসেবেই প্রেরণ করেছেন। যেমন- তিনি বলেন, ‘‘তোমাদের পূর্বে আমি যতজনকে রাসূল হিসেবে প্রেরণ করেছি, তারা সবাই পুরুষ ছিলেন’’। (সূরা ইউসুফ- ১০৯)।] সে তাদের নিকট তাঁর আয়াতসমূহ পাঠ করে, তাদেরকে পবিত্র করে এবং তাদেরকে কিতাব ও প্রজ্ঞা শিক্ষা দান করে [এগুলো হচ্ছে নবী-রাসূলদের উপর আরোপিত মূল দায়িত্ব। যুগে যুগে প্রত্যেক নবী-রাসূল এ দায়িত্বগুলোই বাস্তবায়ন করে গেছেন। সুতরাং নবীদের ওয়ারিশ হিসেবে কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেক দাঈর উপরে এই একই গুরুদায়িত্ব বর্তাবে।]- যদিও তারা ইতিপূর্বে প্রকাশ্য ভ্রান্তির মধ্যে ছিল।

আয়াতের শিক্ষা

মুমিন হলে আল্লাহর অনুগ্রহ লাভ করা যাবে।

রাসূলুল্লাহ ﷺ কে প্রেরণ করাটা ছিল মুমিনদের জন্য আল্লাহর পক্ষ হতে একটি বিশেষ অনুগ্রহ।

দ্বীনের দাঈদের কাজ হচ্ছে আল্লাহর আয়াতসমূহ মানুষের কাছে উপস্থাপন করা এবং তা মানুষের বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করা।

কুরআন অবতীর্ণ করাটাও ছিল আল্লাহর পক্ষ হতে আরো একটি অনুগ্রহ।

কুরআন মানুষকে হেদায়াতের পথ দেখায়।