hadith book logo

সূরা আলে ইমরান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

আয়াত : ৫ – ৬ আল্লাহর ক্ষমতা এবং মানুষের সৃষ্টি তথ্য

اِنَّ اللهَ لَا يَخْفٰى عَلَيْهِ شَيْءٌ فِي الْاَرْضِ وَلَا فِي السَّمَآءِ (৫) هُوَ الَّذِيْ يُصَوِّرُكُمْ فِي الْاَرْحَامِ كَيْفَ يَشَآءُؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ (৬)

শাব্দিক অনুবাদ

৫. اِنَّ اللهَ নিশ্চয় আল্লাহ لَا يَخْفٰى গোপন থাকে না عَلَيْهِ তাঁর কাছে شَيْءٌ কোন কিছুই فِي الْاَرْضِ পৃথিবীতে وَلَا فِي السَّمَآءِ এবং আকাশেও না।

৬. هُوَ الَّذِيْ তিনি (ঐ সত্তা) যিনি , يُصَوِّرُكُمْ তোমাদের আকৃতি গঠন করেন فِي الْاَرْحَامِ মাতৃগর্ভে كَيْفَ যেভাবে يَشَآءُ তিনি ইচ্ছা করেন। لَاۤ اِلٰهَ কোন ইলাহ নেই اِلَّا هُوَ তিনি ব্যতীত; هُوَ তিনি اَلْعَزِيْزُ মহাপরাক্রমশালী اَلْحَكِيْمُ মহাপ্রজ্ঞাবান।

সরল অনুবাদ

৫. নিশ্চয় আল্লাহ্র নিকট আসমান ও জমিনের কোন কিছুই গোপন নেই। [আল্লাহ তা‘আলা আকাশ ও জমিনের মালিক এবং এগুলোর রক্ষণাবেক্ষণকারী। তিনি সমস্ত সৃষ্টিকে অতি সূক্ষ্মভাবে রক্ষণাবেক্ষণ করে থাকেন। সুতরাং সৃষ্টির কোন বিষয় চাই ছোট বা বড়, কম অথবা বেশি, প্রকাশ্য অথবা অপ্রকাশ্য- কোন কিছুই তাঁর নিকট গোপন থাকে না। তিনি মহাবিশে^র উপর তাঁর রাজত্ব কায়েম করে আছেন এবং তিনি সৃষ্টির সকল বিষয়ে জানেন।]

৬. তিনি (মহান আল্লাহ্) যিনি নিজ ইচ্ছানুযায়ী জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করেন। [এখানে মাতৃগর্ভে মানুষের আকৃতি গঠনের দিকে ইঙ্গিত করা হয়েছে। আর এটি হচ্ছে একটি কাজ, যা কেবল আল্লাহর ক্ষমতা ও ইচ্ছানুযায়ীই সংঘটিত হয়।] তিনি ব্যতীত অন্য কোন (সত্যিকারের) ইলাহ নেই; তিনি মহাপরাক্রমশালী ও মহাপ্রজ্ঞাবান।

আয়াতগুলো থেকে প্রাপ্ত শিক্ষা

১. আকাশ ও জমিনের কোন কিছুই আল্লাহর কাছে গোপন নয়।

২. মাতৃগর্ভেই মানুষের আকৃতি তৈরি হয়।

৩. আল্লাহ তা‘আলা যাকে ইচ্ছা তাকে বিভিন্ন ধরনের আকৃতিতে বিন্যস্ত করেন।