hadith book logo

সূরা আলে ইমরান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৪

আয়াত : ১৭২ আল্লাহর ও তার রাসূলের আহবানে সাড়া দেয়ার গুরুত্ব

اَلَّذِيْنَ اسْتَجَابُوْا لِلّٰهِ وَالرَسُوْلِ مِنْ ۢبَعْدِ مَاۤ اَصَابَهُمُ الْقَرْحُؕ لِلَّذِيْنَ اَحْسَنُوْا مِنْهُمْ وَاتَّقَوْا اَجْرٌ عَظِيْمٌ (১৭২)

শাব্দিক অনুবাদ

১৭২। اَلَّذِيْنَ যারা اِسْتَجَابُوْا সাড়া দিয়েছিল لِلّٰهِ আল্লাহর وَالرَّسُوْلِ ও রাসূলের مِنْ ۢبَعْدِ তার পরও مَاۤ اَصَابَهُمُ যা তাদের উপর আপতিত হয়েছিল اَلْقَرْحُ আঘাত لِلَّذِيْنَ তাদের জন্য রয়েছে যারা اَحْسَنُوْا সৎকাজ করেছে مِنْهُمْ তাদের মধ্য হতে وَاتَّقَوْا এবং তাক্বওয়া অবলম্বন হয়েছে اَجْرٌ পুরস্কার عَظِيْمٌ মহা।

সরল অনুবাদ

১৭২. (উহুদ যুদ্ধের দিন) যারা আঘাত পাওয়ার পরও আল্লাহ ও রাসূলের (নির্দেশের) সাড়া দিয়েছিল [এখানে মুসলিমদের ঐ দলটির প্রতি ইঙ্গিত করা হয়েছে, যারা উহুদ যুদ্ধে আহত হওয়ার পরও রাসূলুল্লাহ (সাঃ) এর আহবানে পুনরায় মুশরিকদের আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। ঘটনাটি হচ্ছে এই যে, যুদ্ধ শেষে মুশরিকরা যখন উহুদের প্রান্তর থেকে মক্কার উদ্দেশ্যে রওয়ানা হয়, তখন কিছু দূর পর্যন্ত পথ চলার পর তাদের টনক নড়ে উঠল যে, আমরা এ কি করলাম? আমরা তো মুহাম্মাদ (সাঃ) ও তার সাথীদেরকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলাম; কিন্তু এখন তা হারিয়ে ফেললাম। ফলে তারা একটি জায়গায় যাত্রা স্থগিত করে সকলে মিলে পরামর্শ করল যে, এখনি পুনরায় মদিনার উপর আক্রমণ চালিয়ে মুসলিমদেরকে সমূলে উচ্ছেদ করে দিতে হবে। কিন্তু শেষ পর্যন্ত তারা আর আক্রমণ করার সাহস পেল না। কাজেই তারা মক্কায় ফিরে গেল। এদিকে রাসূলুল্লাহ (সাঃ)-এর আশংকা ছিল যে, যুদ্ধ হতে প্রত্যাবর্তিত মুশরিকদের দলটি মুসলিমদের দুর্বলতার সুযোগে পুনরায় মদিনার উপর আক্রমণ করে বসে কি না। ফলে তিনি যুদ্ধের পর দিনই মুসলিমদেরকে একত্র করে বললেন, এখনই কাফিরদের পেছনে ধাওয়া করা উচিত। এতে সাথে সাথেই সাহাবীগণ এই নির্দেশ মান্য করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। অথচ সে সময় অনেক সাহাবীই ছিলেন মারাত্মকভাবে আহত এবং সে সময় তাদের শারীরিক ও মানসিক অবস্থা ছিল খুবই নাজুক। অতঃপর তারা রাসূলুল্লাহ (সাঃ) এর সাথে মদিনা থেকে ৮ মাইল দূরে অবস্থিত হামরাউল আসাদ পর্যন্ত ধাওয়া করলেন।], তাদের মধ্য হতে যারা সৎকাজ করেছে এবং তাক্বওয়া অবলম্বন হয়েছে, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার।

আয়াতগুলো থেকে প্রাপ্ত শিক্ষা

১. কঠিন কষ্টের সময়ও আল্লাহ ও তাঁর রাসূলের আহবানে সাড়া দিতে হবে।

২. আল্লাহ ও তাঁর রাসূলের আহবানে সাড়া দিয়ে সৎকাজ করলে এবং তাক্বওয়া অবলম্বন করলে মহাপুরস্কার লাভ করা যাবে।