hadith book logo

সূরা আলে ইমরান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

আয়াত : ৪২ – ৪৩ মারইয়াম (আঃ) এর মর্যাদা

وَاِذْ قَالَتِ الْمَلَآئِكَةُ يَا مَرْيَمُ اِنَّ اللهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلٰى نِسَآءِ الْعَالَمِيْنَ (৪২) يَا مَرْيَمُ اقْنُتِيْ لِرَبِّكِ وَاسْجُدِيْ وَارْكَعِيْ مَعَ الرَّاكِعِيْنَ (৪৩)

শাব্দিক অনুবাদ

৪২. وَاِذْ আর যখন قَالَتْ বলল اَلْمَلَآئِكَةُ ফেরেশতারা يَا مَرْيَمُ হে মারইয়াম! اِنَّ اللهَ নিশ্চয় আল্লাহ اِصْطَفَاكِ তোমাকে মনোনীত করেছেন وَطَهَّرَكِ এবং তোমাকে পবিত্র করেছেন। وَاصْطَفَاكِ আর তিনি তোমাকে নির্বাচিত করেছেন عَلٰى نِسَآءِ নারীদের উপর اَلْعَالَمِيْنَ জগতসমূহের।

৪৩. يَا مَرْيَمُ হে মারইয়াম! اُقْنُتِيْ তুমি অনুগত হও لِرَبِّكِ তোমার প্রতিপালকের, وَاسْجُدِيْ এবং তুমি সিজদা করো وَارْكَعِيْ এবং তুমি রুকূ করো مَعَ সাথে اَلرَّاكِعِيْنَ রুকূকারীদের ।

সরল অনুবাদ

৪২. আর যখন ফেরেশতারা বলল, হে মারইয়াম! নিশ্চয় আল্লাহ তোমাকে (একটি বিশেষ কাজের জন্য) মনোনীত করেছেন এবং তোমাকে পবিত্র করেছেন। আর তিনি তোমাকে জগতসমূহের (মানবজাতির) নারীদের উপর নির্বাচিত করেছেন। [আল্লাহ তা‘আলা পৃথিবীতে যে কয়জন নারীকে বিশেষভাবে সম্মান ও মর্যাদা দান করেছেন, মারইয়াম (আঃ) তাদের মধ্যে একজন। অন্যান্যরা হলেন- ফিরাউনের স্ত্রী আসিয়া, রাসূলুল্লাহ (সাঃ) এর স্ত্রী খাদিজা ও আয়েশা (রাঃ) এবং রাসূলুল্লাহ (সাঃ) এর কন্যা ফাতিমা (রাঃ)। হাদীসে এসেছে, ক) ইবনে আববাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, বিশ^বাসীর উপর সবচেয়ে মর্যাদাবান নারী হল- খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতিমা বিনতে মুহাম্মাদ, মারইয়াম বিনতে ইমরান এবং ফিরাউনের স্ত্রী আসিয়া বিনতে মাযাহিম। (মুস্তাদরাকে হাকেম, হা/৪১৬০)অপর বর্ণনায় তাদেরকে জান্নাতের মধ্যে সবচেয়ে মর্যাদাবান নারী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। (মুস্তাদরাকে হাকেম, হা/৪৮৫২; সিলসিলা সহীহাহ, হা/১৫০৮)খ) আবু মূসা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতা লাভ করেছেন। কিন্তু মহিলাদের মধ্যে ফিরাউনের স্ত্রী আসিয়া এবং ইমরানের কন্যা মারইয়াম ব্যতীত আর কেউ পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়নি। তবে আয়েশার মর্যাদা সব মহিলার উপর এমন, যেমন সারীদের (গোশতের সুরুয়ায় ভিজা রুটির) মর্যাদা সকল প্রকার খাদ্যের উপর।(সহীহ বুখারী, হা/৩৪১১; সহীহ মুসলিম, হা/২৪৩১)]

৪৩. (অতএব) হে মারইয়াম! তুমি তোমার প্রতিপালকের অনুগত হও, (তাঁকে) সিজদা করো এবং রুকূকারীদের সাথে রুকূ করো। [আল্লাহ তা‘আলা যখন তোমাকে এত বড় মর্যাদা দান করেছেন, তখন তুমি শুকরিয়া আদায়স্বরূপ আরো বেশি করে আল্লাহর দিকে মনোনিবেশ কর এবং বেশি বেশি তার ইবাদাতে মগ্ন থাক। মূলত এই নীতিটি প্রত্যেক মুসলিমের জন্য অনুসরণীয়। কেননা যখন কোন ব্যক্তি আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়ে প্রতিক্রিয়াস্বরূপ কাফিরদের মতো নানা ধরনের শিরকী ও বিদআতী পন্থায় আনন্দ প্রকাশ না করে ইসলামিক নিয়ম অনুযায়ী আরো বেশি আল্লাহর দিকে মনোনিবেশ করে আনন্দ প্রকাশ করবে, তখন আল্লাহ তা‘আলা খুশি হয়ে তাকে আরো বেশি নিয়ামত প্রদান করবেন এবং জান্নাতে উচ্চস্তরের মর্যাদা প্রদানের জন্য যা কিছু প্রয়োজন তা তার দ্বারা সংঘটিত করিয়ে নিবেন।]

আয়াতগুলো থেকে প্রাপ্ত শিক্ষা

১. বিশে^র সমস্ত নারীদের মধ্যে মারইয়াম (আঃ) হলেন একজন নির্বাচিত নারী।

২. মারইয়াম (আঃ) ছিলেন একজন পবিত্র নারী।