hadith book logo

সূরা আলে ইমরান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৫

আয়াত : ৭৭ মিথ্যা শপথ করার পরিণাম

اِنَّ الَّذِيْنَ يَشْتَرُوْنَ بِعَهْدِ اللهِ وَاَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيْلًا اُولٰٓئِكَ لَا خَلَاقَ لَهُمْ فِي الْاٰخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ اللهُ وَلَا يَنْظُرُ اِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيْهِمْ وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ (৭৭)

শাব্দিক অনুবাদ

৭৭. اِنَّ নিশ্চয় اَلَّذِيْنَ যারা يَشْتَرُوْنَ বিনিময় করে بِعَهْدِ اللهِ আল্লাহর (সাথে কৃত) অঙ্গীকার وَاَيْمَانِهِمْ এবং নিজেদের শপথের বিনিময়ে ثَمَنًا মূল্য قَلِيْلًا সামান্য, اُولٰٓئِكَ ঐসব লোক لَا خَلَاقَ কোন অংশ নেই لَهُمْ তাদের জন্য فِي الْاٰخِرَةِ আখিরাতে। وَلَا يُكَلِّمُهُمُ তাদের সাথে কথা বলবেন না اَللهُ আল্লাহ وَلَا يَنْظُرُ এবং তাকাবেন না اِلَيْهِمْ তাদের দিকে يَوْمَ الْقِيَامَةِ কিয়ামতের দিন وَلَا يُزَكِّيْهِمْ এবং তাদেরকে পবিত্র করবেন না। وَلَهُمْ আর তাদের জন্য রয়েছে عَذَابٌ শাস্তি اَلِيْمٌ যন্ত্রণাদায়ক।

সরল অনুবাদ

৭৭. নিশ্চয় যারা আল্লাহর (সাথে কৃত) অঙ্গীকার এবং নিজেদের শপথের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে [এখানে শপথের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণকারী বলতে ক্রয়-বিক্রয় ও লেনদেনের ক্ষেত্রে মিথ্যা শপথ করার কথা বুঝানো হয়েছে। অনেক ব্যবসায়ী ক্রেতাকে ধোঁকা দেয়ার উদ্দেশ্যে এরূপ নীতি অবলম্বন করে থাকে। হাদীসে এসেছে, আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, কোন মুসলিম ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে যে ঠান্ডা মাথায় মিথ্যা শপথ করে, সে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে, আল্লাহ তার উপর ক্রুদ্ধ থাকবেন। তারপর এর সত্যতা প্রমাণের জন্য রাসূলুল্লাহ (সাঃ) এই আয়াতটি তিলাওয়াত করেন। বর্ণনাকারী বলেন, এরপর সেখানে আশআস ইবনু কায়স (রাঃ) প্রবেশ করলেন এবং বললেন, আবু আবদুর রহমান তোমাদের নিকট কোন হাদীস বর্ণনা করেছেন? আমরা বললাম, এ রকম এ রকম বর্ণনা করেছেন। তখন তিনি বললেন, এ আয়াত তো আমাকে উপলক্ষ করেই অবতীর্ণ হয়েছে। ঘটনাটি হচ্ছে, আমার চাচাতো ভাইয়ের এলাকায় আমার একটি কূপ ছিল। সুনানে তিরমিযীর বর্ণনায় এসেছে, আমার ও এক ইহুদীর এক খন্ড শরীকানা জমি ছিল। একদা সে আমার মালিকানা অস্বীকার করে বসে। ফলে এ বিষয়টি আমি রাসূলুল্লাহ (সাঃ) এর কাছে অভিযোগ করলাম। তখন তিনি আমাকে লক্ষ্য করে বললেন, হয়তো তুমি এর পক্ষে প্রমাণ উপস্থিত করবে, অন্যথায় সে শপথ করবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল! সে তো শপথ করে বসবে। তখন রাসূলুল্লাহ (সাঃ) বললেন, যে ব্যক্তি কোন মুসলিমের সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে ঠান্ডা মাথায় মিথ্যা শপথ করে, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে, আল্লাহই তার উপর রাগান্বিত থাকবেন । (সহীহ বুখারী, হা/৪৫৪৯-৪৫৫০; তিরমিযী, হা/২৯৯৬)], আখিরাতে তাদের কোন অংশ নেই। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পরিশুদ্ধও করবেন না। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

আয়াতগুলো থেকে প্রাপ্ত শিক্ষা

১. আল্লাহর নামে মিথ্যা শপথ করা মারাত্মক অপরাধ।

২. মিথ্যা শপথের মাধ্যমে ক্রয়-বিক্রয় করা হারাম।

৩. আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করা আবশ্যক।

৪. আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গকারী এবং শপথের মাধ্যমে অর্থ গ্রহণকারী জন্য আখিরাতের কোন অংশ নেই।

৫. কিয়ামতের দিন আল্লাহ তা‘আলা তাদেরকে সাথে কোন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পরিশুদ্ধও করবেন না।