hadith book logo

সূরা আলে ইমরান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

আয়াত : ১৯ ইসলামকে একমাত্র দ্বীন হিসেবে নির্বাচনকরণ

اِنَّ الدِّيْنَ عِنْدَ اللهِ الْاِسْلَامُ۫ وَمَا اخْتَلَفَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتَابَ اِلَّا مِنْ ۢبَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْيًا ۢبَيْنَهُمْؕ وَمَنْ يَّكْفُرْ بِاٰيَاتِ اللهِ فَاِنَّ اللهَ سَرِيْعُ الْحِسَابِ (১৯)

শাব্দিক অনুবাদ

১৯. اِنَّ الدِّيْنَ নিশ্চয় জীবন-বিধান عِنْدَ اللهِ আল্লাহর নিকট اَلْاِسْلَامُ ইসলাম। وَمَا اخْتَلَفَ মতভেদে লিপ্ত হয়নি اَلَّذِيْنَ যাদেরকে اُوْتُوا দেয়া হয়েছিল اَلْكِتَابَ কিতাব اِلَّا তবে مِنْ ۢبَعْدِ তার পরও مَا جَآءَهُمُ الْعِلْمُ যে জ্ঞান তাদের নিকট এসেছিল بَغْيًا বিদ্বেষবশত بَيْنَهُمْ পারস্পরিক। وَمَنْ يَّكْفُرْ আর অস্বীকার করবে بِاٰيَاتِ اللهِ আল্লাহর নিদর্শনসমূহকে فَاِنَّ اللهَ তবে নিশ্চয় আল্লাহ سَرِيْعُ দ্রুত اَلْحِسَابِ হিসাবগ্রহণকারী।

সরল অনুবাদ

১৯. নিশ্চয় আল্লাহর কাছে (একমাত্র গ্রহণীয়) জীবন-বিধান হচ্ছে ইসলাম। [এখানে ইসলামকে একমাত্র গ্রহণযোগ্য জীবনব্যবস্থা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। এটি ছাড়া আল্লাহর কাছে অন্য কোন জীবনব্যবস্থা গ্রহণযোগ্য নয়। সুতরাং কেউ যদি আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে গ্রহণ না করে, তাঁকে ছাড়া অন্য কারো ইবাদাত করে, তাঁর হুকুম ব্যতীত অন্য কারো হুকুম বাস্তবায়নে ব্যস্ত থাকে অথবা তাঁর বিধানসমূহের মধ্যে কোনরূপ পরিবর্তন ঘটায় এবং নিজেই বিধানদাতার আসনে বসতে চায়, তাহলে তাঁর সমস্ত আমল পরিত্যাজ্য হিসেবে গণ্য হবে। এরূপ কর্ম আল্লাহর দৃষ্টিতে বিদ্রোহ হিসেবে গণ্য হবে।] কিন্তু যাদেরকে (ইতিপূর্বে) কিতাব দেয়া হয়েছিল তাদের কাছে জ্ঞান আসার পরও তারা কেবল পারস্পরিক বিদ্বেষের কারণে মতভেদ করেছিল। আর যে ব্যক্তি আল্লাহর নিদর্শনসমূহকে অস্বীকার করবে, (তার জেনে রাখা উচিত যে) নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাবগ্রহণকারী।

আয়াতগুলো থেকে প্রাপ্ত শিক্ষা

১. আল্লাহর মনোনীত একমাত্র জীবন-বিধান হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন জীবন-বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়।

২. ইসলামে মতভেদ সৃষ্টি করা বৈধ নয়।

৩. ইসলামে হিংসা-বিদ্বেষ করাও বৈধ নয়।

৪. আহলে কিতাবের লোকেরা ধর্মের মধ্যে মতভেদ সৃষ্টি করেছিল।

৫. হিংসা মতভেদ সৃষ্টির অন্যতম কারণ।

৬. আর মতভেদ সৃষ্টি করা অধপতনের অন্যতম কারণ।

৭. হিংসা মানুষের সঠিক পথ গ্রহণে অন্যতম অন্তরায়।

৮. আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন দ্রুত হিসাব গ্রহণ করবেন।