hadith book logo

সূরা আলে ইমরান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৪

আয়াত : ৯২ সবচেয়ে প্রিয় জিনিস দান করা প্রসঙ্গ

لَنْ تَنَالُوا الْبِرَّ حَتّٰى تُنْفِقُوْا مِمَّا تُحِبُّوْنَؕ وَمَا تُنْفِقُوْا مِنْ شَيْءٍ فَاِنَّ اللهَ بِه عَلِيْمٌ (৯২)

শাব্দিক অনুবাদ

৯২. لَنْ تَنَالُوا তোমরা কখনো লাভ করতে পাবে না اَلْبِرَّ পুণ্য حَتّٰى যতক্ষণ পর্যন্ত تُنْفِقُوْا তোমরা খরচ কর مِمَّا তা থেকে যা تُحِبُّوْنَ তোমরা ভালোবাস। وَمَا تُنْفِقُوْا আর তোমরা যা খরচ কর مِنْ شَيْءٍ কোন কিছু থেকে, فَاِنَّ তবে নিশ্চয় اَللهَ আল্লাহ بِه  সে সম্পর্কে عَلِيْمٌ ভালো জানেন।

সরল অনুবাদ

৯২. তোমরা কখনো পুন্য লাভ করতে পাবে না- যতক্ষণ না তোমরা যা ভালোবাস তা থেকে (আল্লাহর পথে) খরচ কর। আর তোমরা যা কিছুই খরচ কর, নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে ভালো জানেন। [এখানে পুণ্য লাভ করা বলতে জান্নাতকে বুঝানো হয়েছে এবং ভালোবাসার জিনিস দান করা বলতে উত্তম বস্তুসমূহকে বুঝানো হয়েছে। মোটকথা এখানে সর্বোত্তম বস্তুসমূহকে দান করার প্রতি তাগিদ প্রদান করা হয়েছে। এ আয়াতটি নাযিল হওয়ার পর পরই অনেক সাহাবী অধিক সওয়াব অর্জনের জন্য নিজেদের সবচেয়ে প্রিয় বস্তুসমূহ দান করতে আরম্ভ করেন। যেমন- হাদীসে এসেছে, মদিনায় আবু তালহা (রাঃ) ছিলেন অধিক সংখ্যক খেজুর বাগানের মালিক । তাঁর নিকট সবচেয়ে প্রিয় সম্পদ ছিল ‘বাইরুহা’ নামক একটি বাগান। এটা ছিল মসজিদের সম্মুখে অবস্থিত। রাসূলুল্লাহ (সাঃ) সেখানে আসতেন এবং সেখানকার (কূপের) সুমিষ্ট পানি পান করতেন। অতঃপর যখন এ আয়াতটি নাযিল হলো, তখন আবু তালহা (রাঃ) উঠে দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল! আল্লাহ বলেছেন, তোমরা কখনো পুণ্য লাভ করবে না যে পর্যন্ত না নিজেদের প্রিয় বস্তু থেকে ব্যয় করবে। আর আমার সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে বাইরুহা। এটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এর বিনিময়ে আমি আল্লাহর কাছে পুণ্য ও তার ভান্ডার চাই। আল্লাহ তা‘আলা আপনাকে যেভাবে নির্দেশ দেন, আপনি এটিকে সেভাবে ব্যবহার করুন। তখন রাসূলুল্লাহ (সাঃ) বললেন, বাহ! সেটি তো অস্থায়ী সম্পদ, সেটি তো অস্থায়ী সম্পদ। তুমি যা বলেছ, তা আমি শুনেছি। আমি মত দিচ্ছি যে, তুমি সেটি তোমার নিকটাত্মীয়দেরকে দিয়ে দাও। তখন আবু তালহা (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আমি তা-ই করব। তারপর তিনি সেটা তার চাচাতো ভাই-বোন ও আত্মীয়দের মধ্যে বণ্টন করে দিলেন। (সহীহ বুখারী, হা/৪৫৫৪)]

আয়াতগুলো থেকে প্রাপ্ত শিক্ষা

১. সবচেয়ে প্রিয় বস্তু হতে খরচ করা উচিত।

২. দান করার ক্ষেত্রে ইখলাস অবলম্বন করা জরুরি।

৩. আল্লাহর পথে খরচ করাতে অনেক পুণ্য রয়েছে।