hadith book logo

সূরা আলে ইমরান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৩

আয়াত : ৯১ কাফির অবস্থায় মৃত্যুবরণ করার পরিণাম

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَمَاتُوْا وَهُمْ كُفَّارٌ فَلَنْ يُّقْبَلَ مِنْ اَحَدِهِمْ مِّلْءُ الْاَرْضِ ذَهَبًا وَّلَوِ افْتَدٰى بِه ۤؕ اُولٰٓئِكَ لَهُمْ عَذَابٌ اَلِيْمٌ وَّمَا لَهُمْ مِّنْ نَّاصِرِيْنَ (৯১)

শাব্দিক অনুবাদ

৯১. اِنَّ নিশ্চয় اَلَّذِيْنَ যারা كَفَرُوْا কুফরী করেছে وَمَاتُوْا এবং মৃত্যুবরণ করেছে وَهُمْ كُفَّارٌ কাফির অবস্থায়, فَلَنْ يُّقْبَلَ কখনো গ্রহণ করা হবে না مِنْ اَحَدِهِمْ তাদের কারো কাছ থেকে مِلْءُ ভর্তি اَلْاَرْضِ পৃথিবী ذَهَبًا স্বর্ণ وَلَوِ যদিও اِفْتَدٰى তারা ফিদইয়া (বিনিময় হিসেবে) দিতে চায় بِه  তা দ্বারা। اُولٰٓئِكَ এরাই ঐসব লোক لَهُمْ তাদের জন্য রয়েছে عَذَابٌ শাস্তি اَلِيْمٌ যন্ত্রণাদায়ক وَمَا لَهُمْ এবং তাদের জন্য নেই مِنْ نَّاصِرِيْنَ সাহায্যকারীদের কেউ ।

সরল অনুবাদ

৯১. (অনুরূপভাবে) নিশ্চয় যারা কুফরী করেছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের কারো কাছ থেকে পৃথিবীভর্তি স্বর্ণও গ্রহণ করা হবে না- যদিও তারা তা ফিদইয়া (বিনিময় হিসেবে) দিতে চায়। তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং তাদের কোন সাহায্যকারীও নেই। [অর্থাৎ কেউ যদি কুফর থেকে তাওবা না করেই মৃত্যুবরণ করে, তাহলে কিয়ামতের দিন সে কাফির অবস্থাতেই পুনরুত্থিত হবে। আর সেদিন কাফিরদের থেকে কোন ধরনের অজুহাত অথবা বিনিময় গ্রহণ করা হবে না; বরং তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবেই এবং এ সিদ্ধান্ত রহিত করার জন্য কোন সাহায্যকারীও থাকবে না। হাদীসে এসেছে, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তা‘আলা একজন জাহান্নামীকে বলবেন, যদি তোমার কাছে সারা পৃথিবী পরিমাণ স্বর্ণ থাকে, তাহলে জাহান্নাম থেকে বাঁচার বিনিময়ে সে সমস্ত স্বর্ণ কি তুমি দিতে পছন্দ করবে? সে বলবে, হ্যাঁ। আল্লাহ তা‘আলা বলবেন, আমি তো দুনিয়ায় এর থেকে সহজ জিনিস তোমার কাছে চেয়েছিলাম। তা এই যে, আমার সাথে কাউকে শরীক করো না। কিন্তু তুমি শিরক থেকে বিরত থাকনি। (মুসনাদে আহমাদ, হা/১২২৮৯)]

আয়াতগুলো থেকে প্রাপ্ত শিক্ষা

১. কাফির অবস্থায় মৃত্যুবরণ করলে কিয়ামতের দিন তাকে শাস্তি দানের পরিবর্তে তার কাছ থেকে কোনরূপ বিনিময় গ্রহণ করা হবে না।

২. কিয়ামতের দিন কাফিররা যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে।

৩. কিয়ামতের দিন কাফিরদের জন্য কোন সাহায্যকারী থাকবে না।