hadith book logo

সূরা আলে ইমরান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮

আয়াত : ৫৯ - ৬০ ঈসা (আঃ) এর দৃষ্টান্ত

اِنَّ مَثَلَ عِيْسٰى عِنْدَ اللهِ كَمَثَلِ اٰدَمَؕ خَلَقَه مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَه كُنْ فَيَكُوْنُ (৫৯) اَلْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُنْ مِّنَ الْمُمْتَرِيْنَ (৬০)

শাব্দিক অনুবাদ

৫৯. اِنَّ নিশ্চয় مَثَلَ দৃষ্টান্ত عِيْسٰى ঈসা (আঃ) এর عِنْدَ নিকট اَللهِ আল্লাহর كَمَثَلِ দৃষ্টান্তের মতো اٰدَمَ আদমের। خَلَقَه  তাকেও তিনি সৃষ্টি করেছেন مِنْ থেকে تُرَابٍ মাটি। ثُمَّ অতঃপর قَالَ বলেছিলেন, لَه  তাকে كُنْ ‘হও’ এবং فَيَكُوْنُ সে হয়ে গেল।

৬০. اَلْحَقُّ সত্য مِنْ رَّبِّكَ তোমার প্রতিপালকের পক্ষ থেকে। فَلَا تَكُنْ সুতরাং তুমি হয়ো না مِّنَ الْمُمْتَرِيْنَ সন্দেহকারীদের অন্তর্ভুক্ত।

সরল অনুবাদ

৫৯. নিশ্চয় আল্লাহর কাছে ঈসা এর দৃষ্টান্ত আদমের দৃষ্টান্তের মতো। তাকেও তিনি (পিতা-মাতা ছাড়া সরাসরি) মাটি থেকে সৃষ্টি করেছেন। অতঃপর তাকে (আদমকে) বলেছিলেন, ‘হও’ এবং সে (মানুষে পরিণত) হয়ে গেল। [এখানেও ঈসা (আঃ) এর সৃষ্টির ব্যাপারে তথ্য প্রদান করা হয়েছে এবং সৃষ্টিগত দিক থেকে ঈসা (আঃ)-কে আদম (আঃ) এর সাথে সাদৃশ্যপূর্ণ করা হয়েছে। ইতিপূর্বে এই সূরার ৪৭নং আয়াতের টিকায় এ বিষয়ে আলোচনা করা হয়েছে। অত্র আয়াত দ্বারা এটা বুঝানো হয়েছে, হে খ্রিস্টান সম্প্রদায়! তোমরা যে অলৌকিক জন্মের কারণে ঈসা (আঃ)-কে আল্লাহর পুত্র হিসেবে গ্রহণ করে নিয়েছে, এটি তোমাদের একটি মারাত্মক ভুল ধারণা। কেননা যদি এমনটিই হতো তাহলে সর্বপ্রথম আদম (আঃ)-কে আল্লাহর পুত্র হিসেবে গ্রহণ করার প্রয়োজন ছিল। কেননা ঈসা (আঃ) তো কেবল পিতা ছাড়া জন্মগ্রহণ করেছিল, কিন্তু আদম (আঃ) তো পিতা-মাতা উভয়জন ছাড়াই সৃষ্টি হয়েছিলেন।]

৬০. (এগুলো) তোমার প্রতিপালকের পক্ষ থেকে (আগত) সত্য (সংবাদ)। সুতরাং তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয়ো না।

আয়াতগুলো থেকে প্রাপ্ত শিক্ষা

১. ঈসা (আঃ) ও আদম (আঃ) এর জন্মের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে; কেননা তারা উভয়ই পিতা ছাড়া সৃষ্টি হয়েছিলেন; আর আদম (আঃ) এর তো পিতামাতা কেউই ছিল না।

২. আদম (আঃ) ‘হও’ বলার সাথে সাথেই সৃষ্টি হয়ে গিয়েছিলেন।

৩. ওহীর মাধ্যমে সর্বদা সত্য সংবাদই এসে থাকে।

৪. ওহীর কোন বিষয়ে সন্দেহ করাও বৈধ নয়।