hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৩

তাওয়াফের সুন্নতসমূহ:

১- হাজরে আসওয়াদের দিকে ফিরে তাওয়াফ শুরু করা ও সম্ভব হলে চুম্বন করবে অথবা হাত দ্বারা স্পর্শ করবে অথবা সেদিকে ইশারা করবে। কেননা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদকে চুম্বন করেছেন।

২- তাওয়াফে কুদূম ও উমরার সময় ইযতিবা করা। ইযতিবা হলো ডান বগলের নিচে চাদর রেখে ডান কাঁধ উন্মুক্ত রাখা। তাওয়াফ শেষে আবার চাদর ঠিক করে দেওয়া।

৩- পুরুষরা তাওয়াফে কুদূম ও উমরার তাওয়াফের প্রথম তিন চক্করে রমল করা। রমল হলো দ্রুত পদে চলা। নারীরা রমল করবে না। বাকী চার চক্কর স্বাভাবিক গতিতে তাওয়াফ করবে।

ইদতেবা ও রামল দু’টিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দিয়ে সাব্যস্ত হয়েছে।

৪- তাওয়াফের প্রতি চক্করে রুকনে ইয়ামানীকে হাত দিয়ে স্পর্শ করা, কিন্তু চুম্বন করবে না। সম্ভব না হলে সেখানে ভিড় করা উচিৎ নয়। হাত দিয়ে স্পর্শ করা সম্ভব না হলে হাত দিয়ে ইশারা করা শরী‘আতসম্মত।

৫- রুকনে ইয়ামানী ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে এ দো‘আ পড়বে:

﴿رَبَّنَآ ءَاتِنَا فِي ٱلدُّنۡيَا حَسَنَةٗ وَفِي ٱلۡأٓخِرَةِ حَسَنَةٗ وَقِنَا عَذَابَ ٱلنَّارِ ٢٠١﴾ [ البقرة : ٢٠١ ]

“হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন। আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের ‘আযাব থেকে রক্ষা করুন”। [সূরা আল-বাকারা, আয়াত: ২০১]

৬- মুলতাযিমে দো‘আ করা। আর মুলতাযিম হলো হাজরে আসওয়াদ ও বাইতুল্লাহর দরজার মধ্যবর্তী জায়গা। এটি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম দ্বারা সাব্যস্ত আছে।

৭- সাত তাওয়াফ শেষে মাকামে ইবরাহীমে যাবে এবং এ আয়াত পড়বে:

﴿وَٱتَّخِذُواْ مِن مَّقَامِ إِبۡرَٰهِ‍ۧمَ مُصَلّٗى﴾ [ البقرة : ١٢٥ ]

“তোমরা মাকামে ইবরাহীমকে সালাতের স্থানরূপে গ্রহণ করো”। [সূরা আল-বাকারা, আয়াত: ১২৫]

এ সময় মাকামে ইবরাহীম তার ও কা‘বার মাঝখানে রাখবে। এর পিছনে দু রাকা‘আত সালাত আদায় করবে। প্রথম রাকা‘আতে সূরা আল-ফাতিহার পরে ‘সূরা আল-কাফিরূন’ এবং দ্বিতীয় রাকা‘আতে সূরা আল-ফাতিহার পরে সূরা আহাদ তথা কুল হুআল্লাহু আহাদ পড়বে।

৮- এ দু রাকা‘আত সালাত শেষে যমযমের পানি পান করবে।

৯- সা‘ঈ করার আগে হাজরে আসওয়াদের কাছে গিয়ে সম্ভব হলে স্পর্শ করবে। সম্ভব না হলে ভিড় করবে না।