hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬২

দৈনিক পাঁচ ওয়াক্ত সালাতের আগে পরের সুন্নতসমূহ:

মুসলিমের সাওয়াব বৃদ্ধি ও উঁচু মর্যাদার জন্য আল্লাহ নফল সালাত দিয়েছেন। এছাড়াও ফরয সালাতের ভুলত্রুটি ও অপূর্ণতার পরিপূর্ণতা স্বরূপ এ নফল সালাতসমূহ শরী‘আতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যান্য ইবাদতের তুলনায় সালাতে রয়েছে অনেক মর্যাদা ও ফযীলত। রাবী‘আ ইবন কা‘ব আল-আসলামী রাদিয়াল্লাহু ‘আনহু বলেন,

«كُنْتُ أَبِيتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَيْتُهُ بِوَضُوئِهِ وَحَاجَتِهِ فَقَالَ لِي : «سَلْ» فَقُلْتُ : أَسْأَلُكَ مُرَافَقَتَكَ فِي الْجَنَّةِ . قَالَ : «أَوْ غَيْرَ ذَلِكَ» قُلْتُ : هُوَ ذَاكَ . قَالَ : «فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ»

“আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত কাটিয়েছিলাম। আমি তাঁর অযুর পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস এনে দিতাম। তিনি আমাকে বললেন, কিছু চাও। আমি বললাম, জান্নাতে আপনার সাহচর্য প্রার্থনা করছি। তিনি বললেন, এ ছাড়া আরো কিছু আছে কি? আমি বললাম, এটাই আমার আবেদন। তিনি বললেন, তাহলে তুমি অধিক পরিমাণে সাজদাহ করে তোমার নিজের স্বার্থেই আমাকে সাহায্য করো”। [সহীহ মুসলিম, হাদীস নং ৪৮৯।]

আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ العَبْدُ يَوْمَ القِيَامَةِ مِنْ عَمَلِهِ صَلَاتُهُ، فَإِنْ صَلُحَتْ فَقَدْ أَفْلَحَ وَأَنْجَحَ، وَإِنْ فَسَدَتْ فَقَدْ خَابَ وَخَسِرَ، فَإِنْ انْتَقَصَ مِنْ فَرِيضَتِهِ شَيْءٌ، قَالَ الرَّبُّ عَزَّ وَجَلَّ : انْظُرُوا هَلْ لِعَبْدِي مِنْ تَطَوُّعٍ فَيُكَمَّلَ بِهَا مَا انْتَقَصَ مِنَ الفَرِيضَةِ، ثُمَّ يَكُونُ سَائِرُ عَمَلِهِ عَلَى ذَلِكَ»

“কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যদি তা সঠিক বলে গণ্য হয়, তবে সে হবে কল্যাণপ্রাপ্ত ও সফলকাম।  আর যদি তা সঠিক বলে গণ্য না হয়, তবে  সে হবে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত। ফরযের মধ্যে যদি কোনো ত্রুটি দেখা যায়, তবে মহান রব বলবেন: লক্ষ্য কর, আমার বান্দার কোনো নফল আমল আছে কি? তা দিয়ে তার ফরযের যতটুকু ক্রটি আছে তা পূরণ করে দাও। পরে এ অনুসারেই হবে অন্যান্য সব আমলের অবস্থা”। [তিরমিযী, হাদীস নং ৪১৩; তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহুর হাদীসকে হাসান গরীব বলেছেন। ‬ আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। আবু দাউদ, হাদীস নং ৮৬৪।]