hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

শৌচকর্ম ও ঢিলা-কুলুখ [ইস্তিঞ্জা হলো পায়খানা ও পেশাবের রাস্তা থেকে পানি, পাথর বা অনুরূপ জিনিস দ্বারা অপবিত্রতা দূর করা। ইস্তিঞ্জাকে আবার ইস্তিঞ্জা বিলহাজার বা ইস্তিজমার বা ইস্তিবরাও বলা হয়ে থাকে।] ব্যবহারের নিয়মাবলী:

১- হাড্ডি বা গোবর দ্বারা শৌচকর্ম ও ঢিলা-কুলুখ না করা। আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«لَا تَسْتَنْجُوا بِالرَّوْثِ، وَلَا بِالْعِظَامِ، فَإِنَّهُ زَادُ إِخْوَانِكُمْ مِنَ الْجِنِّ» .

“তোমরা শুকনো গোবর ও হাড় দিয়ে ইস্তিঞ্জা করবে না। কেননা এগুলো তোমাদের ভাই জিন্নদের খাদ্য”। [তিরমিযী, হাদীস নং ১৮। ‬ আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন।]

২- মানুষের উপকারী ও সম্মানিত জিনিস যেমন খাদ্য-দ্রব্য ইত্যাদি দিয়ে ইস্তিঞ্জা না করা।

৩- ডান হাত দিয়ে শৌচকার্য বা ইস্তিঞ্জা না করা, বা ডান হাত দিয়ে লজ্জাস্থান স্পর্শ না করা। কেননা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«لاَ يَمَسَّ أحدكم ذَكَرَهُ بِيَمِينِهِ وهو يبول، وَلاَ يَتَمَسَّحْ الخلاء بِيَمِينِهِ»

“তোমাদের কেউ যখন পেশাব করে তখন তার পুরুষাঙ্গ যেন ডান হাত দিয়ে স্পর্শ না করে এবং ডান হাতে ইস্তিঞ্জা না করে”। [সহীহ বুখারী, হাদীস নং ১৫৩। সহীহ মুসলিম, হাদীস নং ২৬৭। সহীহ বুখারী বা মুসলিমের বর্ণনার শব্দাবলী লেখকের দেওয়া শব্দের মতো নয়; সহীহ বুখারীর বর্ণনা এভাবে, «وَإِذَا أَتَى الخَلاَءَ فَلاَ يَمَسَّ ذَكَرَهُ بِيَمِينِهِ، وَلاَ يَتَمَسَّحْ بِيَمِينِه সহীহ মুসলিমের বর্ণনা এভাবে, «لَا يُمْسِكَنَّ أَحَدُكُمْ ذَكَرَهُ بِيَمِينِهِ وَهُوَ يَبُولُ، وَلَا يَتَمَسَّحْ مِنَ الْخَلَاءِ بِيَمِينِهِ، وَلَا يَتَنَفَّسْ فِي الْإِنَاءِ» ]

৪- ঢিলা কুলুখ বেজোড় সংখ্যা দিয়ে করা, যেমন তিনটি পাথর। তিনটিতে ভালভাবে পরিস্কার না হলে পাঁচটি দিয়ে করা। এমনিভাবে আরো প্রয়োজন হলে বেজোড় সংখ্যায় বৃদ্ধি করা। সালমান রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত,

«لَقَدْ نَهَانَا أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ لِغَائِطٍ، أَوْ بَوْلٍ، أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِالْيَمِينِ، أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِأَقَلَّ مِنْ ثَلَاثَةِ أَحْجَارٍ، أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِرَجِيعٍ أَوْ بِعَظْمٍ»

“রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন: পায়খানা বা পেশাবের সময় কিবলামুখী হয়ে বসতে, ডান হাত দিয়ে ইস্তিঞ্জা করতে, তিনটি ঢিলার কম দিয়ে ইস্তিঞ্জা করতে এবং গোবর বা হাড় দিয়ে ইস্তিঞ্জা করতে”। [সহীহ মুসলিম, হাদীস নং ২৬২।]

৫- শৌচকাজ ও ঢিলা কুলুখে পানি ও মাটি বা পাথরের টুকরো একত্রে ব্যবহার করতে চাইলে আগে মাটি বা পাথর দিয়ে পরিস্কার করবে এবং পরে পানি ব্যবহার করবে। আর যদি দু’টির যে কোনো একটি ব্যবহার করে তাহলেও যথেষ্ট হবে। তবে পানি দিয়ে শৌচকাজ করা উত্তম ও এতে অধিক পরিস্কার পরিচ্ছন্ন হয়।