hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৩

ইমামের সাথে একজন মুসল্লী হলেই জামা‘আত হয়:

ইমামের সাথে পুরুষ বা নারী বা শিশু যে কোনো একজন হলেই জামা‘আত সংঘটিত হয়। জামা‘আতে লোকসংখ্যা যতোই বেশি হবে আল্লাহর কাছে তা ততোই প্রিয় ও অধিক সাওয়াবের।

ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত, তিনি বলেন,

«بِتُّ عِنْدَ خَالَتِي ميمونة، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ، فَقُمْتُ أُصَلِّي مَعَهُ، فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَأَخَذَ بِرَأْسِي، فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ»

“এক রাতে আমি আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু ‘আনহার ঘরে রাত যাপন করি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত আদায় করতে দাঁড়ালেন। আমিও তাঁর সঙ্গে আমি সালাত আদায় করতে তাঁর বাম পাশে দাঁড়িয়ে গেলাম। তখন তিনি আমার পিছন দিয়ে মাথায় ধরে আমাকে তাঁর ডান পাশে এনে দাঁড় করালেন”। [সহীহ বুখারী, হাদীস নং ৬৯৯।]

আবু সা‘ঈদ ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তারা বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«إِذَا أَيْقَظَ الرَّجُلُ أَهْلَهُ مِنَ اللَّيْلِ فَصَلَّيَا، أَوْ صَلَّى رَكْعَتَيْنِ جَمِيعًا، كُتِبَا فِي الذَّاكِرِينَ وَالذَّاكِرَاتِ»

“কোনো ব্যক্তি যদি রাতের বেলায় নিজে জাগ্রত হয় ও তার স্ত্রীকে জাগ্রত করে দু’জনে সালাত আদায় করে, অথবা দু’জন একত্রে (জামা‘আতে) দু রাকা‘আত সালাত আদায় করে, তবে আল্লাহর অধিক স্মরণকারী বান্দা ও বান্দীদের কাতারে তাদের নাম লেখা হয়”। [আবু দাউদ, হাদীস নং ১৩০৯। ‬ আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন।]

অনুরূপ আবু সা‘ঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْصَرَ رَجُلًا يُصَلِّي وَحْدَهُ، فَقَالَ : أَلَا رَجُلٌ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ، قَالَ : فَقَامَ رَجُلٌ مِنَ الْقَوْمِ فَصَلَّى مَعَهُ»

“রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে (জামা‘আতের পর) একাকী সালাত আদায় করতে দেখে বলেন, তোমাদের মধ্যে এমন কেউ কি নেই যে এ ব্যক্তিকে সদকা দিয়ে তার সাথে একত্রে সালাত পড়তে পারে? ফলে একজন লোক দাঁড়িয়ে গিয়ে তার সাথে সালাত আদায় করলো”। [আবু দাউদ, হাদীস নং ৫৭৪। ‬ আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। মুসনাদ আহমদ, হাদীস নং ১১৮০৮। আল্লামা শু‘আইব আরনাউত বলেছেন, হাদীসের সনদটি সহীহ।]

উবাই ইবন কা‘ব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«صَلَاة الرَّجُلِ مَعَ الرَّجُلِ أَزْكَى [ أَزْكَى অর্থ অধিক উত্তম, মর্যদাসম্পন্ন, মুসল্লীর জন্য অধিক পবিত্রকরণ ও অধিক গুনাহ মাফ হয়। কেননা জামা‘আতের কারণে রহমত ও প্রশান্তি নাযিল হয়; যা একাকী থাকলে হয় না।] مِنْ صَلَاتِهِ وَحْدَهُ، وَصَلَاتُهُ مَعَ الرَّجُلَيْنِ أَزْكَى مِنْ صَلَاتِهِ مَعَ الرَّجُلِ، وَمَا كَثُرَ فَهُوَ أَحَبُّ إِلَى اللَّهِ تَعَالَى»

“নিশ্চয় মানুষের একাকী সালাত আদায় করা থেকে অপর জনের সাথে সালাত আদায় করা অধিক উত্তম আর দু’জনের সাথে সালাত আদায় করা এক জনের সাথে সালাত আদায় করা থেকে উত্তম। এর অধিক জামা‘আতে যতোই লোক বেশি হবে ততোই তা মহান আল্লাহর নিকট অধিক পছ্ন্দনীয়”। [আবু দাউদ, হাদীস নং ৫৫৪। ‬ আলবানী রহ. হাদীসটিকে হাসান বলেছেন। সুনান নাসায়ী, হাদীস নং ৮৪৩।]