hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৮

জুমু‘আর সালাত ফরয হওয়ার শর্তাবলী:

প্রত্যেক মুসলিম, পুরুষ, স্বাধীন, বালেগ, সুস্থ ও মুকিমের (মুসাফির নয়) ওপর জুমু‘আর সালার ফরয। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«الْجُمُعَةُ حَقٌّ وَاجِبٌ عَلَى كُلِّ مُسْلِمٍ فِي جَمَاعَةٍ إِلَّا أَرْبَعَةً : عَبْدٌ مَمْلُوكٌ، أَوِ امْرَأَةٌ، أَوْ صَبِيٌّ، أَوْ مَرِيضٌ»

“জুমু‘আর সালাত প্রত্যেক মুসলিমের ওপর জামা‘আতের সাথে আদায় করা ফরয কর্তব্য। কিন্তু চার জন এর ব্যতিক্রম: ক্রীতদাস, মহিলা, শিশু ও অসুস্থব্যক্তি”। [আবু দাউদ, হাদীস নং ১০৬৭। ‬ আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন।]

মুসাফিরের ওপর জুমু‘আর সালাত ফরয নয়। কেননা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ, উমরা, জিহাদ ইত্যাদি উদ্দেশ্যে সফর করেছেন; কিন্তু সফরে তার থেকে জুমু‘আর সালাত আদায়ের কোনো বর্ণনা পাওয়া যায় না। উমার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে একটি আছার বর্ণিত আছে যে,

«أَبْصَرَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ رَجُلًا عَلَيْهِ هَيْئَةَ السَّفَرِ فَسَمِعَهُ يَقُولُ : لَوْلَا أَنَّ الْيَوْمَ يَوْمُ الْجُمُعَةِ لَخَرَجْتُ، فَقَالَ عُمَرُ : اخْرُجْ، فَإِنَّ الْجُمُعَةَ لَا تَحْبِسُ عَنْ سَفَرٍ»

“তিনি এক ব্যক্তির মাঝে সফরের আলামত দেখলেন, তখন তিনি উক্ত ব্যক্তিকে বলতে শুনলেন, আজকে জুমু‘আর দিন না হলে সফর করতাম। তখন উমার রাদিয়াল্লাহু ‘আনহু তাকে বললেন, তুমি সফরে বের হও, কেননা জুমু‘আর সালাত সফরকে বাধা দেয় না (আটকে রাখে না)”। [মুসনাদ শাফে‘য়ী,]