hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

গোসল ফরয হওয়ার কারণসমূহ:

নিম্নোক্ত কারণে গোসল ফরয হয়:

১- বড় অপবিত্রতা: কামভাবের সাথে ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় বীর্যপাত হলে গোসল ফরয হবে। তাছাড়া সঙ্গম করলে গোসল ফরয হবে। সঙ্গম হলো পুরুষাঙ্গ পুরোপুরি বা অগ্রভাগ নারীর যোনীর মধ্যে প্রবেশ ঘটানো, এতে বীর্যপাত হোক বা না হোক। আল্লাহ তা‘আলা বলেছেন,

﴿وَإِن كُنتُمۡ جُنُبٗا فَٱطَّهَّرُواْۚ﴾ [ المائ‍دة : ٦ ]

“আর যদি তোমরা অপবিত্র থাক, তবে ভালোভাবে পবিত্র হও”। [সূরা আল-মায়েদা, আয়াত: ৬]

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«إِذَا الْتَقَى الْخِتَانَانِ فَقَدْ وَجَبَ الْغُسْلُ»

“নারী পুরুষের লজ্জাস্থান পরস্পর মিলিত হলে গোসল ফরয হয়ে যায়”। [ইবন মাজাহ, হাদীস নং ৬০৮। ‬ আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন।]

২- হায়েয ও নিফাস: হায়েয ও নিফাস শেষ হলে গোসল ফরয হয়। আল্লাহ তা‘আলা বলেছেন,

﴿فَٱعۡتَزِلُواْ ٱلنِّسَآءَ فِي ٱلۡمَحِيضِ وَلَا تَقۡرَبُوهُنَّ حَتَّىٰ يَطۡهُرۡنَۖ فَإِذَا تَطَهَّرۡنَ فَأۡتُوهُنَّ مِنۡ حَيۡثُ أَمَرَكُمُ ٱللَّهُۚ﴾ [ البقرة : ٢٢٢ ]

“সুতরাং তোমরা হায়েযকালে স্ত্রীদের থেকে দূরে থাক এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হয়ো না। অতঃপর যখন তারা পবিত্র হবে তখন তাদের নিকট আস, যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন”। [সূরা বাকারা, আয়াত: ২২২]

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা বিনত আবু হুবাইশ রাদিয়াল্লাহু ‘আনহাকে বলেছেন

«فإذا أقبلت الحيضة فدعي الصلاة وإذا أدبرت فاغسلي وصلي»

“যখন তোমার হায়েয শুরু হয় তখন তুমি সালাত ছেড়ে দাও। আর হায়েয শেষ হলে রক্ত ধুয়ে সালাত আদায় কর”। [সহীহ বুখারী, হাদীস নং ৩০৬, সহীহ মুসলিম, হাদীস নং ৩৩৩।]

৩- মৃতব্যক্তিকে গোসল দেওয়া ফরয। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা যয়নাব রাদিয়াল্লাহু ‘আনহা মারা গেলে তাকে গোসল দিতে নির্দেশ দেন।

৪- কাফির ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তার ওপর গোসল ফরয। কেননা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েস ইবন ‘আসেম রাদিয়াল্লাহু ‘আনহুকে ইসলাম গ্রহণের সময় গোসল করতে নির্দেশ দেন। [আবু দাউদ, হাদীস নং ৩৫৫। ‬ আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। নাসায়ী ও অন্যান্য হাদীসে এ ঘটনা এসেছে, হাদীসটি সহীহ। খলীফা ইবন হুসায়েন থেকে তার দাদা কায়েস রাদিয়াল্লাহু ‘আনহুর সূত্রে বর্ণিত। তিনি বলেন, «أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرِيدُ الْإِسْلَامَ فَأَمَرَنِي أَنْ أَغْتَسِلَ بِمَاءٍ وَسِدْرٍ» “আমি ইসলাম কবুল করার আগ্রহে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাযির হলে তিনি আমাকে কুলের পাতা মিশ্রিত পানি দ্বারা গোসল করার নির্দেশ দেন”। আবু দাউদ, হাদীস নং ৩৫৫। ‬ আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন।] এমনিভাবে সুমামা আল-হানাফী রাদিয়াল্লাহু ‘আনহুকেও ইসলাম গ্রহণের সময় গোসল করতে নির্দেশ দেন। [সহীহ ইবন হিব্বান, হাদীস নং ১২৩৮। আল্লামা শু‘আইব আরনাউত হাদীসের সনদটিকে সহীহ বলেছেন। সুনান আল-কুবরা লিলবাইহাকী, হাদীস নং ৮০৫। এ হাদীসের মূল ঘটনা বুখারী ও মুসলিমে বর্ণিত আছে।]