hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬

মসজিদ থেকে বের হওয়ার দু‘আ :

اَللّٰهُمَّ إِنِّى أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আস্আলুকা মিন ফাযলিক।

অর্থ : হে আল্লাহ! আমি তোমার অনুগ্রহ প্রার্থনা করছি। [আবু উসাইদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যখন তোমাদের কেউ মসজিদ হতে বের হবে, তখন সে যেন এ দু‘আটি পাঠ করে। (সহীহ মুসলিম, হা/১৬৮৫; আবু দাঊদ, হা/৪৬৫; নাসাঈ, হা/৭২৯; ইবনে মাজাহ, হা/৭৭২; মুসনাদে আহমাদ, হা/২৩৬৫৬; সহীহ ইবনে হিববান, হা/২০৪৭; মিশকাত, হা/৭০৩)]

(২) بِسْمِ اللهِ وَ الصَّلَاةُ وَ السَّلَامُ عَلٰى رَسُوْلِ اللهِ ‐ اَللّٰهُمَّ إِنِّىْ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ ‐ اَللّٰهُمَّ اَعْصِمْنِىْ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

উচ্চারণ : বিসমিল্লা-হি ওয়াস্সালা-তু ওয়াস্সালা-মু ‘আলা রাসূলিল্লা-হ্, আল্লা-হুম্মা ইন্নী আস্আলুকা মিন ফাযলিক, আল্লা-হুম্মা আ‘সিম্নী মিনাশ্ শাইত্বা-নির রাজীম।

অর্থ : আল্লাহর নামে বের হচ্ছি। দরূদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। হে আল্লাহ! আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করছি। হে আল্লাহ! আমাকে বিতাড়িত শয়তান থেকে হেফাযত করুন। [আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যখন তোমাদের কেউ মসজিদ থেকে বের হবে, তখন নবী ﷺ এর প্রতি সালাম জানাবে এবং বলবে- ‘‘আল্লা-হুম্মা আ‘সিম্নী মিনাশ্ শাইত্বা-নির রাজীম।’’ (ইবনে মাজাহ, হা/৭৭১, ৭৭৩)]

হাদীসের মধ্যে মসজিদ থেকে বের হওয়ার সময় পাঁচটি আমলের কথা জানা যায়। সেগুলো হলো :

১. বাম পা দিয়ে বের হওয়া।

২. হালাল রুজি উপার্জনের নিয়তে বের হওয়া।

৩. বিসমিল্লাহ বলা।

৪. রাসূলুল্লাহ ﷺ এর প্রতি দরূদ ও সালাম পাঠ করা।

৫. মসজিদ থেকে বের হওয়ার দু‘আ পাঠ করা।

শেষের তিনটি আদব উপরোক্ত দু‘আটি পাঠ করলেই আদায় হয়ে যাবে।