hadith book logo

ওমর (রাঃ) সম্পর্কে ১৫০টি শিক্ষণীয় ঘটনা

লেখকঃ আহমাদ আবদুল আলী তাহতাভী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২১

১১৯. আফসোস, তুমি একজন দুর্ভাগা মা

ওমর রাদিয়াল্লাহু আনহু এর গোলাম হযরত আসলাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, একবার মদীনায় কিছু ব্যবসায়িক মাল আসল যা দেখে মুসল্লিরা এগিয়ে আসল। ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু কে বললেন, তুমি কি রাত্রে এ মাল পাহারা দিতে পারবে? তিনি বললেন, হ্যাঁ পারব। তারা দু’জন (ওমর ও আব্দুর রহমান) পাহারা দিতেছিলেন এবং নামায পড়ে রাত কাটাচ্ছিলেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু একটি বালকের কান্না শুনতে পেলেন এবং সে দিকে ফিরে তাকালেন এবং তার মাকে বললেন, তুমি আল্লাহকে ভয় কর আর তোমার সন্তানের সাথে ভালো আচরণ কর।

এরপর তিনি তার স্থানে ফিরে গেলেন। পরের রাতেও ওমর রাদিয়াল্লাহু আনহু ঐ বালকের কান্না শুনতে পেলেন এবং তার মায়ের কাছে গিয়ে বললেন, আফসোস! তুমি একজন নিকৃষ্ট মা। আমার কি হল যে আমি তোমার সন্তানকে প্রতি রাত্রে কাঁদতে দেখি? তখন সন্তানের মা বললেন, আমি তাকে খাবার (দুধ) থেকে দূরে রাখি। কিন্তু সে তা অস্বীকার করে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি এরূপ কেন কর? সে বলল, ওমর রাদিয়াল্লাহু আনহু তো শুধুই দুধ ছাড়ানো সন্তানের জন্য আহার্য বরাদ্দ দেন। প্রত্যেক দুধ ছাড়ানো বাচ্চার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু খাবার এবং মাল দিয়ে থাকেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মহিলাকে বললেন, তোমার এ সন্তানের বয়স কত? সে বলল, এই কয়েক মাস। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন,তোমার জন্য আফসোস! তুমি তাকে দুধ ছাড়ানোর ব্যাপারে তাড়াহুড়া করো না।

অতপর যখন তিনি ফজরের নামায আদায় করলেন। এরপর তিনি (ওমর) তার ঘোষককে নির্দেশ দিলেন এই কথা ঘোষণা করতে যে, তোমরা তোমাদের সন্তানদের দুধ ছাড়ানোর ব্যাপারে তাড়াহুড়া করো না। আর নিশ্চয়ই আমি মুসলমানের প্রত্যেক সন্তানের জন্য অংশ নির্ধারণ করে দিলাম। এমনকি এ সংবাদ তিনি সর্বত্র ছড়িয়ে দিলেন। (আল বিদায়া ওয়ান নিহায়া)